ঢাকায় এলো পাকিস্তান দল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট ম্যাচ খেলতে সকালে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাত থেকে আসায় তাদের থাকতে হবে না কোয়ারেন্টিনে। কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এলে রোববার থেকেই অনুশীলনে নামতে পারবেন পাকিস্তানের ক্রিকেটাররা।

শনিবার সকাল ৮টা ১০  মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন পাকিস্তানি ক্রিকেটাররা। কোভিড-১৯ পরীক্ষার নমুনা দিয়ে এরপর তারা চলে যান হোটেল সোনারগাঁওয়ে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ১৬ নভেম্বর বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। কিন্তু গত বৃহস্পতিবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর আগেভাগেই বাংলাদেশে চলে এলো তারা। তবে অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক আসবেন ১৬ তারিখেই। 

১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দু'দলের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ।

257115556_6616556998417576_8589265385767250233_n.jpg

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর মিরপুরে ফিরে হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হলেও টেস্টের স্কোয়াড দেওয়া হবে পরে। টি-টোয়েন্টি সিরিজ শেষে কয়েকজন ক্রিকেটার ফিরে যাবেন নিজ দেশে। সেখানে যোগ দেবেন টেস্ট বিশেষজ্ঞ কয়েকজন।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিফ রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।