তামিমদের ঐতিহাসিক জয় থেকে প্রেরণা নিচ্ছেন নিগাররা

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপরীতে বিরুদ্ধ কন্ডিশনে ছেলেদের দলের পাওয়া এই অবিস্মরণীয় সাফল্য থেকে প্রেরণা নিচ্ছে লাল-সবুজের মেয়েদের দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সলফতম দল অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রত্যাশাও।

আগামীকাল শুক্রবার আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে অজিদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিগার বলেছেন, তামিমদের অর্জন তাদেরকেও অনুপ্রাণিত করছে, 'আমি মনে করি, নির্দিষ্ট দিনটা গুরুত্বপূর্ণ। এখনকার ক্রিকেটে কখন কী হয়ে যাচ্ছে, আপনি কিন্তু বলতে পারবেন না। ক্রিকেট খেলাটা হচ্ছে মোমেন্টামের বিষয়। নির্দিষ্ট দিনে যে দলটা মোমেন্টাম পায় এবং শেষ পর্যন্ত ধরে রাখতে পারে, টেনে নিতে পারে, তারাই জিতে। ক্রিকেট খেলাটা নামের দিক থেকে ওইভাবে এখন আর হয় না। আমি মনে করি, (ছেলেদের) বাংলাদেশ দল যে পারফর্ম করেছে, সেটা অসাধারণ। আমি তাদের অভিনন্দন জানাই। (আমাদের মেয়েদের) দলের পক্ষ থেকে শুভ কামনা। আমরা নিয়মিত (ছেলেদের) বাংলাদেশ দলের খেলা দেখি। ক্রিকেট অনেক ভালোবাসি। ওখান থেকে (দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়) একটা ইতিবাচক আবহ তো আমাদের আছেই। ওটা ধরে রেখে করে ভালো করতে চাই।'

ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে আগের দুই ম্যাচে ভালো বোলিং করলেও ব্যাটিংয়ে হতাশ করে নিগারের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার আশাবাদ জানিয়েছেন তিনি, 'আমি আগেও বলেছি, দেখুন, আমাদের বোলিং ইউনিট অনেক ভালো করছে। যেটা সবচেয়ে দরকার, ব্যাটিং ক্লিক করা। দেখা যাচ্ছে বোলাররা সব প্রতিপক্ষকে কম রানে আটকানোর চেষ্টা করেছে। কিন্তু কোনোভাবে ব্যাটিংয়ে আমরা ওইভাবে (তাদেরকে) সহায়তা করতে পারিনি।' 

'আমাদের জন্য এখন সবচেয়ে বড় লক্ষ্য, কীভাবে খেললে ব্যাটিং ইউনিট হিসেবে ঘুরে দাঁড়াতে পারি। অবশ্যই অস্ট্রেলিয়া শক্ত দল। তারা ভালো করছে। তবু আমরা মনে করি, দুই বিভাগে ভালো করলে ভালো লড়াই করতে পারব।'