তামিম চার নম্বরে 'ফ্যান্টাস্টিক' ব্যাটার হতে পারবে: সিডন্স
বাংলাদেশের তারকা তামিম ইকবালের মূল পরিচয় ওপেনার। তবে এই বাঁহাতির মধ্যেই 'ফ্যান্টাস্টিক' একজন চার নম্বর ব্যাটারের ছায়া দেখতে পাচ্ছেন জেমি সিডন্স। পাশাপাশি টাইগারদের ব্যাটিং কোচ তামিমকে নিচের দিকে নামানোর ক্ষেত্রে যে বাধা রয়েছে, সেটাও তুলে ধরেছেন।
বয়সভিত্তিক থেকে শুরু করে আন্তর্জাতিক- সব পর্যায়েই তামিমের ভূমিকা ওপেনারের। এই পজিশন ছেড়ে তার ব্যাটিং অর্ডারের অন্য কোথাও নামার আলোচনা কখনও ওঠেনি। কারণ, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওপেনিংয়ে সবচেয়ে সফল ও ধারাবাহিক তিনি।
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৬৭ টেস্ট, ২২৫ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন তামিম। সবমিলিয়ে খেলা ৪২৯ ইনিংসের মাত্র একটিতে ইনিংস ওপেন করেননি তিনি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পচেফস্ট্রুম টেস্টে পাঁচে নামতে হয়েছিল তাকে। ওই ইনিংসে তিনি করেছিলেন ৩৯ রান।
শনিবার মিরপুরে বাংলাদেশের ব্যাটারদের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিডন্স। সেসময় তার কাছে তামিমের মতো সিনিয়র ক্রিকেটারদের নিচে ব্যাট করতে নামার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হয়। উত্তরে সিডন্স বলেছেন, 'আমি মনে করি, অধিকাংশ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ধরে ওপেন করলে পরের দিকে একটু নিচে নামার সুযোগ পায়। এমনটা হলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা করছি। তবে আগে আরেকজন ওপেনিং ব্যাটার খুঁজে বের করতে হবে আমাদের।'
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সিডন্স যোগ করেছেন, 'ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা 'এ' দলে কিংবা বাংলা টাইগার্সে পারফর্ম করছে না, এমন কাউকে হঠাৎ করে ব্যাটিং লাইনআপের ওপরে তুলে দিতে পারি না। আমাদের জন্য চ্যালেঞ্জ হলো আরেকজন ওপেনিং ব্যাটার খুঁজে বের করা, যদি আমরা তামিমকে চারে নামার সুযোগ দিতে চাই। আমার মতে, চার নম্বরে সে ফ্যান্টাস্টিক (দুর্দান্ত) ব্যাটার হতে পারবে।'