তামিম ভালোভাবে ফিরে আসবেন, আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আরও আট দিন আগে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। তিনি না থাকায় বাংলাদেশ স্কোয়াড কেমন হবে তা অনুমিতই ছিল। তারপরও দল ঘোষণার সংবাদ সম্মেলনে তার প্রসঙ্গ উঠল বেশ কয়েক দফা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন তামিমের অনুপস্থিতিকে 'দুর্ভাগ্য' হিসেবে উল্লেখ করলেন। পাশাপাশি আশা প্রকাশ করলেন বাঁহাতি ওপেনারের 'ভালোভাবে' ফিরে আসার।

গত ১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম। চোট, বিশ্রামসহ নানা কারণে দীর্ঘদিন ধরেই এই সংস্করণে দেশের হয়ে খেলতে দেখা যাচ্ছে না তাকে। বাংলাদেশের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি তিনি খেলেছেন দেড় বছরেরও বেশি সময় আগে। তাছাড়া, তামিমের পারফরম্যান্স নিয়েও আছে প্রশ্ন। বিশেষ করে, টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেটের দাবি সেভাবে মেটাতে পারেননি তিনি। আগের সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও তার পরিসংখ্যান বেশ মলিন।

সবকিছু মিলিয়ে তামিমের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে মিনহাজুল মনে করছেন, দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ফিরে আসবেন দলে।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দল ঘোষণার পর প্রধান নির্বাচক জানান, 'অবশ্যই তামিম আমাদের তিন সংস্করণে অন্যতম সেরা ক্রিকেটার। এখন ও নিজে থেকেই সরে দাঁড়িয়েছে। আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম যে, আমরা ওকে (বিশ্বকাপে পাব)। এটা সত্যিই দুর্ভাগ্য। তামিমকে দল ও আমরাও মিস করব। তবুও আমরা আত্মবিশ্বাসী ও ভালোভাবে ফিরে আসবে।'

বাংলাদেশের ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে যে তিনজন ওপেনার আছেন, তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও চলমান নিউজিল্যান্ড সিরিজে রানের দেখা পাননি। তবে মিনহাজুলের বিশ্বাস, মূল মঞ্চে ভালো করবেন লিটন দাস, নাঈম শেখ ও সৌম্য সরকার, 'অবশ্যই যারা সুযোগ পেয়েছে, ওরা একটা প্রক্রিয়ার মধ্যে আছে। তাদের অবশ্যই সামর্থ্য আছে ভালো খেলার এবং বিশ্বকাপে এই ওপেনারদের ওপর আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী যে, ওরা ভালো করবে।'