‘তামিম ভালো কথা বলেছে’, সিদ্ধান্তে সায় দিয়ে বিসিবি প্রধান

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে সায় দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। লম্বা সময় ধরে তার টি-টোয়েন্টি না খেলার সঙ্গে বর্তমান দলের ভালো করা মিলিয়ে এই সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে ফেসবুকে এক ভিডিও পোস্ট করে নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তামিম। টানা ১৭ মাস ধরে টি-টোয়েন্টি না খেলার পরও বিশ্বকাপ দলে থাকলে সেটা অন্যদের প্রতি অন্যায় হতো বলে মনে করেন এই তারকা।

তামিমের এই ঘোষণার দিনই চলছিল বিসিবির নির্বাচিত পর্ষদের শেষ সভা। সেই সভা থেকে বেরিয়ে স্বাভাবিকভাবেই তামিম প্রসঙ্গে কথা বলেছেন বোর্ড প্রধান।

তামিমের এই না থাকার সিদ্ধান্ত নিজের সায় থাকার ইঙ্গিত দিয়ে যুক্তি তুলে ধরেন নাজমুল,  'আমি সবসময় বলে আসছি যে আমার সময়কার বেস্ট ওপেনার হল তামিম ইকবাল। সে বেশ কয়েকদিন টি-টোয়েন্টি খেলেনি। এটা আমি খারাপ সেন্সে বলছি না। আপনারা আগেও দেখেছেন তামিম সব কিছুই সিরিয়াসলি নেয়। এটাও সে সিরিয়াসলি নিয়েছে। ও নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি খেলেনি, জিম্বাবুয়েতেও ওয়ানডে খেলে এসেছে, অস্ট্রেলিয়া সিরিজেও খেলেনি, এখন নিউজিল্যান্ডের সঙ্গেও নাই। কোন ম্যাচ না খেলে বিশ্বকাপ খেলতে যাওয়া এইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে।' 

'দ্বিতীয়ত এখন যে দলটা-এটা কিন্তু ভাল খেলছে। একটা দল যখন ভাল খেলছে তার মধ্যে খুব একটা বদল করতে অনেকেই চায় না, এটাও একটা কারণ হতে পারে। সবমিলিয়ে ও যে কথাগুলো বলেছে- খুব ভাল কথা বলেছে। ও জানে যে ওকে রাখলে ও খেলবে।  ও মনে করেছে এটা হলে অনেকের প্রতি অন্যায় হতে পারে। এটা একটা কারণ। আর সরাসরি ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ খেলা, এটা খুব কঠিন। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে কথা বলেছে। যে সিদ্ধান্ত নিয়েছে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।'

তবে বিশ্বকাপের পর তামিমের টি-টোয়েন্টিতে ফেরার সুযোগ থাকছে বলে জানান বোর্ড প্রধান,  'আমাকে যদি জিজ্ঞাস করেন, আমি বলব আজকে যে দলের তালিকাটা আমাকে দিয়েছে সেখানেও তামিম ছিল। এখন অবশ্যই থাকছে না। কিন্তু বিশ্বকাপের পরে আমাদের আরো অনেক খেলা আছে। সামনের বছর আরেকটা বিশ্বকাপ আছে। আমার আশা তামিম আবার টি-টোয়েন্টি দলে ঢুকবে এবং সে  (পরের) বিশ্বকাপে  খেলবে।'