তিন সংস্করণে জিতে জিম্বাবুয়ে থেকে ঢাকায় ফিরল বাংলাদেশ
সাফল্যে মোড়ানো জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঢাকায় পা রাখার পরপরই তারা চলে গেছে টিম হোটেলে। সেখানে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।
বৃহস্পতিবার সকাল নয়টায় বাংলাদেশের ক্রিকেটারদের বহনকারী বিমান পৌঁছায় ঢাকায়। জিম্বাবুয়েতে মাসব্যাপী সফরে একমাত্র টেস্টে জেতার পর ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা। সবশেষে টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা জেতে ২-১ ব্যবধানে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাটিতে আগামী মাসের শুরুতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাত্র সাত দিনের মধ্যে অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী মঙ্গলবার।
বাংলাদেশকে কঠিন কিছু শর্ত দিয়ে সফরে আসছে অস্ট্রেলিয়া। কঠোর জৈব সুরক্ষা বলয় বহাল রাখতে ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ রেফারিসহ সবাইকে অন্তত ১০ দিন আগে কোয়ারেন্টিনে প্রবেশ করতে হবে। তাই জিম্বাবুয়ে সফরে সুরক্ষা বলয়ে থাকা বাংলাদেশ দল আগামী দেশে ফিরেই হোটেলে আরেকটি বলয়ে ঢুকে পড়েছে।
এদিন বিকালে চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় পা রাখার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে বিমানে চেপেছে তারা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অজিরা জেতে ২-১ ব্যবধানে।
কোয়ারেন্টিনের কড়া নিয়মের কারণে বাংলাদেশের বেশ কয়েকজন খেলোয়াড় খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে। পারিবারিক কারণে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাবা মারা যাওয়ায় ফিরে আসেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। চোটের কারণে খেলছেন না আরেক অভিজ্ঞ তারকা তামিম ইকবাল। পারিবারিক কারণে টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাসও বেরিয়ে গেছেন সুরক্ষা বলয় থেকে।