দলের রোমাঞ্চকর দিক তারুণ্য আর অভিজ্ঞতার মিশ্রণ: প্রিন্স

ক্রীড়া প্রতিবেদক

অনেক বছর ধরে খেলা অভিজ্ঞ তারকাদের পাশাপাশি যুব বিশ্বকাপ জয়ী দলের তরুণরাও আছেন বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি দলে। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স মনে করছেন এই মিশ্রণই দলের সবচেয়ে রোমাঞ্চকর দিক।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা সেই ২০০৭ সাল থেকেই আছেন বাংলাদেশ দলে। টি-টোয়েন্টি যুগের শুরু থেকেই থাকা এই অভিজ্ঞদের পাশাপাশি শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারিদের মতো ২০ পেরুনো তরুণরাও দলে জায়গা পাকা করে নিয়েছেন।

ব্যাটিংয়ে মুশফিকের পাশাপাশি যেমন তারুণ্যের আলো ছড়াচ্ছেন আফিফ হোসেন। লিটন দাস, সৌম্য সরকাররাও বেশ কয়েক বছর খেলা ফেলায় দলে আনছেন ভারসাম্য।

বোলিংয়েও মোস্তাফিজুর রহমানের পাশাপাশি শরিফুলের উপস্থিতি দলকে রাখা চাঙ্গা। স্পিন আক্রমণে অভিজ্ঞ সাকিবের সঙ্গে তাল মেলাচ্ছেন ক্যারিয়ারের প্রারম্ভে থাকা নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসানরা।

শনিবার দলের অনুশীলন সেরে ব্যাটিং কোচ প্রিন্স জানালেন, এই মিশেলই বাংলাদেশ দলকে দিচ্ছে রোমাঞ্চকর মাত্রা,  'এই দলের সবচেয়ে রোমাঞ্চকর দিক হচ্ছে অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিং বিভাগেও আপনি এটা দেখতে পাবেন। দলে কিছু তরুণ ক্রিকেটার আসছে যারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। ওরা তরুণ এবং বড় টুর্নামেন্ট জেতার যে অভিজ্ঞতা সেটাও তাদের আছে। এই মিশ্রণটা জরুরী। আর প্রতিটি বিভাগে আছে মানসম্মত ক্রিকেটার। পেস বোলিং, স্পিন বোলিং, ব্যাটিং – সব বিভাগে যে মানের ক্রিকেটার আছে সেটা আমাকে রোমাঞ্চিত করছে।'

জিম্বাবুয়েতে গতিময় ও বাউন্সি উইকেটে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ঘরের মাঠে একদম ভিন্ন রকম মন্থর উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতে বাংলাদেশ। দুই কন্ডিশনেই মানিয়ে নেওয়ার একটা বিষয় ছিল মনে করেন প্রিন্স। অস্ট্রেলিয়া সিরিজ না খেলা মুশফিক ও লিটন যুক্ত হওয়ায় তাদের সঙ্গেও দলের সবাই ভাগাভাগি করেছেন অভিজ্ঞতা, যা নিউজিল্যান্ডের বিপক্ষে কাজে লাগবে বলে আশা প্রিন্সের,  'আমাদের অস্ট্রেলিয়া সিরিজে অনেক কিছু শেখার ছিল যা নিয়ে আমরা কাল আলোচনা করেছি। আমরা ভাবনা ভাগাভাগি করেছি। যেমন মুশফিক, লিটনরা এই কন্ডিশনে অভিজ্ঞ, ওরা অস্ট্রেলিয়া সিরিজে খেলেনি। ওদের সঙ্গে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে কি কি জিনিস কাজে এসেছে আর আমরা কোথায় উন্নতি করতে পারি, এসব নিয়ে কথা হয়েছে। যা আমরা নিউজিল্যান্ড সিরিজেও কাজে লাগাতে পারব।'