দীর্ঘ অপেক্ষা শেষে দেশের বাইরে রোহিতের প্রথম টেস্ট সেঞ্চুরি
মঈন আলীকে সুইপ করে চার মেরে নব্বইয়ের ঘরে ঢুকলেন রোহিত শর্মা। পরের ওভারে জেমস অ্যান্ডারসনকে মিড উইকেট দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে পৌঁছে গেলেন ৯৪ রানে। অপেক্ষা ফুরোল মঈন আক্রমণে ফিরতেই। লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে এমন এক মধুর স্বাদ পেলেন ভারতের তারকা ওপেনার, যা এতদিন অচেনা ছিল তার কাছে। টেস্টে প্রথমবারের মতো দেশের বাইরে সেঞ্চুরি করলেন তিনি।
শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যক্তিগত মাইলফলকে পৌঁছান রোহিত। তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে পৌঁছাতে তিনি খেলেন ২০৪ বল। এই ইনিংসের পথে ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে তিন হাজার রানও পেরিয়ে গেছেন ৪৩ টেস্ট খেলা এই ডানহাতি ব্যাটসম্যান।
২০১৩ সালের নভেম্বরে ভারতের কলকাতায় টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৭ রানের অনবদ্য ইনিংসে নজর কেড়েছিলেন তিনি। পরের মাসে বিদেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলার অভিজ্ঞতা হয় তার। তবে ব্যাট হাতে সফলতা পাননি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দুই ইনিংসে তিনি করেছিলেন যথাক্রমে ১৪ ও ৬ রান। এরপর কেটে গেছে আরও প্রায় আট বছর। কিন্তু প্রতিপক্ষের মাটিতে সেঞ্চুরি পাওয়া হচ্ছিল না তার।
অবশেষে অপেক্ষার পালা শেষ হয়েছে রোহিতের। বিদেশের মাঠে ২৫তম টেস্টের ৪৭তম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। অলি রবিনসনের শর্ট বলে পুল করতে গিয়ে লং লেগে ক্রিস ওকসের হাতে ধরা পড়ার আগে করেন ১২৭ রান। ২৫৬ বলের অসাধারণ ইনিংসকে ১৪ চার ও ১ ছয়ে সাজান তিনি।
দেশের বাইরে রোহিতের আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল চলতি সফরেই। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৩ রান করেছিলেন তিনি।
সাদা পোশাকে ৩৪ বছর বয়সী রোহিতের এটি অষ্টম সেঞ্চুরি। আগের সাতটি সেঞ্চুরিই তিনি করেছিলেন দেশের মাটিতে। ভারতে ১৮ টেস্ট খেলে ২৭ ইনিংসে ৭৯.৫২ গড়ে তিনি করেছেন ১৬৭০ রান। ছয়টি হাফসেঞ্চুরিও আছে তার নামের পাশে।
বিদেশে ৩১.২৯ গড়ে রোহিতের সংগ্রহ ১৩৭৭ রান। এই সেঞ্চুরির আগে আটটি ফিফটি করেছিলেন তিনি।