দুঃসময়ে বাবরকে পাশে পাচ্ছেন হাসান আলী

স্পোর্টস ডেস্ক

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানি পেসার হাসান আলীর। অনেক দিন থেকেই আর আগের ধার নেই তার বোলিংয়ে। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে তো চরম ব্যর্থ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, কোনো সংস্করণেই নিজেকে মেলে ধরতে পারেননি। তাতে ক্যারিয়ারটাই যেন শঙ্কায়। তবে বাজে সময়ে অধিনায়ক বাবর আজমকে পাশে পাচ্ছেন এ পেসার।

প্রায় দুই যুগ পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে কেবল ওয়ানডে সংস্করণেই জয় পেয়েছে পাকিস্তান। টেস্ট ও টি-টোয়েন্টি দুটো সিরিজের ট্রফি নিয়ে ফিরেছে অজিরা। এ সিরিজে হাসানের উপর অনেকটাই নির্ভর করছিল পাকিস্তান। কারণ দলের অন্যতম সেরা পেসার তিনি। কিন্তু মাঠে কোনো অবদানই রাখতে পারেননি।

অস্ট্রেলিয়া সিরিজে দুটি টেস্ট ম্যাচ খেলেছেন হাসান। এক টেস্টের দুই ইনিংসে একটি করে উইকেট পেলেও অপর টেস্টে ছিলেন উইকেট শূন্য। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছিলেন। বেদম পিটুনি খেয়ে থেকেছেন সেই উইকেট শূন্য। সেই ম্যাচে হারে দলটি। পরের দুই ম্যাচে তাকে বাদ দিয়ে জয় পায় পাকিস্তান। টি-টোয়েন্টি ম্যাচে ফেরেন, যথারীতি মার খান এবং ম্যাচও হারে পাকিস্তান। সবমিলিয়ে দলের জন্য যেন দুর্ভাগ্যই বয়ে বেড়াচ্ছেন এ পেসার।

তারপরও হাসানকে সমর্থন দিয়ে যাচ্ছেন অধিনায়ক বাবর। তার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন অধিনায়ক, 'হাসান খুব বাজে সময়ের মধ্যে যাচ্ছে এবং তার আমাদের সমর্থনের প্রয়োজন। আমরা তার হারানো ছন্দ ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তাকে সব ধরণের সাহায্য করব।'

অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারটা বেশ ঈর্ষনীয় হাসানের। ১৯ টেস্টের ৩৬ ইনিংসে বল করে পেয়েছেন ৭৪ উইকেট। ৫৮টি ওয়ানডে ম্যাচের ৫৬ ইনিংস বলে করে ৮৯টি উইকেট পেয়েছেন তিনি। আর ৬০টি উইকেট পেয়েছেন ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে।