দুই দিনেই বরিশালের কাছে হেরে গেল চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক

জাতীয় লিগের প্রথম চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিভাগ। এ বিভাগ থেকে উঠে এসেছে অনেক বড় বড় ক্রিকেটার। সেই দলটিই এদিন কিনা মাত্র দুই দিনেই ম্যাচ হেরে গেল বরিশাল বিভাগের কাছে। লো স্কোরিং ম্যাচে চট্টগ্রামকে ৭৮ রানে হারিয়েছে বরিশাল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে চট্টগ্রাম। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। নিয়মিত অধিনায়ক মুমিনুল হককে ছাড়া দলটির হয়ে এক ওপেনার পারভেজ হোসেন ইমন ছাড়া আর কোনো ব্যাটারই দায়িত্ব নিতে পারেননি। ফলে গড়ে ওঠেনি তেমন কোনো জুটি।

মূলত বরিশালের স্পিনারদের ঘূর্ণিতে পড়ে দলটি। শুরুটা করেন আগের ইনিংসে হ্যাটট্রিক করা মোহাম্মদ আশরাফুল। দুই ওপেনারকে ছাঁটাই করেন তিনি। এরপর মিডল অর্ডার ভাঙেন মনির হোসেন ও সোহাগ গাজী। তাতে ১২০ রানেই গুটিয়ে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন ইমন। বরিশালের পক্ষে ৩৩ রানের খরচায় ৩টি উইকেট নেন মনির। প্রথম ইনিংসে ৫টি উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া আশরাফুল, গাজী ও কামরুল ইসলাম রাব্বি ২টি করে উইকেট পান।

এর আগে ৬৯ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বরিশালেরও। বলার মতো রান কেবল করতে পারেন ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান মনির ও রাব্বি। মনির সর্বোচ্চ ৩০ রান করেন। ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রাব্বি। চট্টগ্রামের পক্ষে ৫টি উইকেট নেন নাঈম হাসান। ৪টি উইকেট পেয়েছেন হাসান মুরাদ।

নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৮৭ রানে অলআউট হওয়াই কাল হয়ে দাঁড়ায় চট্টগ্রামের জন্য। আর নিজেদের প্রথম ইনিংসে ১৪৬ রান তুলেছিল বরিশাল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৯৪ রানের বড় সংগ্রহ পেয়েছে ঢাকা বিভাগ। আগের দিন সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আব্দুল মজিদ ও সাইফ হাসান। ৩ উইকেটে ২৯১ রান নিয়ে ব্যাট করতে নেমে এদিন আরও ১০৩ রান যোগ করে ঢাকা। মহিদুল ইসলাম অংকন ৫১ রান করেন। ৭৭ রানের খরচায় ৩টি উইকেট নেন রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৯৬ রান করে দিন শেষ করেছে রংপুর। নাঈম ইসলাম ৩২ ও নাসির হোসেন ১৬ রান নিয়ে উইকেটে আছেন। ২৪ রান করে আউট হন ওপেনার মাইশুকুর রহমান।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের বিনা উইকেটে ৩ রান নিয়ে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৩ রান তুলে দিন শেষ করে ঢাকা মেট্রো। ওপেনার সাদমান ইসলাম ৭৯ রান করেছেন। ১২৮ বলে ৯টি চারের সাহায্যে এ রান করেন তিনি। হ্যাটট্রিকের পর ৫৯ রানের ইনিংস খেলেছেন শরিফুল্লাহ। আমিনুল ইসলাম ৪৭ ও আবু হায়দার রনি ৩৪ রানে ব্যাট করছেন। রাজশাহীর সানজামুল ইসলাম নিয়েছেন ৩টি উইকেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে আগের দিন ৩ উইকেটে ৩০ রান নিয়ে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয়ে যায় সিলেট বিভাগ। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন জাকের আলী। রেজাউর রহমান রাজা ৩৯ ও জাকির হাসান ৩৪ রান করেন। খুলনার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬ রান তুলতেই ৩টি উইকেট হারিয়েছে খুলনা। মোহাম্মদ মিঠুন ২২ ও তুষার ইমরান ১১ রানে ব্যাট করছেন।