দুর্দান্ত জয়ের পরও আইসিসির শাস্তির মুখে ইংল্যান্ড
জনি বেয়ারস্টোর দুর্দান্ত এক সেঞ্চুরিতে কি দারুণ জয়ই না পেল ইংল্যান্ড। কিন্তু এমন জয়ের পরও শান্তি নেই দলটির। স্লো ওভার রেটের দায়ে আইসিসির বড়সড় শাস্তির মুখে পড়তে হলো ইংল্যান্ডকে। আর্থিক জরিমানার সঙ্গে কাটা গিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের মূল্যবান পয়েন্টও।
টেস্ট চ্যাম্পিয়নশিপে স্লো ওভার-রেটের দায়ে শাস্তির মুখে পড়া এবারই প্রথম নয় ইংল্যান্ডের জন্য। এর আগেও বেশ কয়েকবার একই অপরাধের জন্য শাস্তি পেতে হয়েছে তাদের। সব থেকে বেশি পয়েন্ট কাটা গিয়েছে ব্রিটিশদেরই।
নটিংহ্যাম টেস্টে কিউইদের বিপক্ষে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি ইংল্যান্ড। নানা দিক বিবেচনা করার পরেও দুই ওভার পিছিয়ে ছিল দলটি। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয় স্টোকসের। একই ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানাও করেছে আইসিসি।
আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে ওভার প্রতি পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের। সেই সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় প্রতি ওভার পিছিয়ে থাকায় সেই দলের ১ পয়েন্ট করে কেটে নেওয়ার শাস্তিবিধানও রয়েছে।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে স্টোকস ভুল শিকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। নটিংহ্যাম টেস্ট জিতে ১২ পয়েন্ট সংগ্রহ করেছিল ইংল্যান্ড। সবমিলিয়ে ১৪টি টেস্টে ২৫ শতাংশ হারে ছিল ৪২ পয়েন্ট। তবে ২ পয়েন্ট কাটায় হারটা নেমে এসেছে ২৩.৮১ শতাংশে। আট নম্বরেই অবস্থান করছে তারা।
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে স্লো ওভার-রেটের জন্য এই নিয়ে মোট ১২ পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের।