ধোনির কাছ থেকে শান্ত থাকা শিখেছেন প্রোটিয়া অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক

ম্যাচের পরিস্থিতি যাই থাক না কেন, ব্যাট করতে নামলে বরাবরই নির্বিকার মহেন্দ্র সিং ধোনি। ধীরস্থির শরীরী ভাষা নিয়ে ব্যাটে ঝড় তুলে দল জেতানোর পরও তার তেমনে একটা বিকার ঘটে না, যেন এমনটাই স্বাভাবিক। এবার আইপিএলে ধোনির দল চেন্নাই সুপার কিংসে থেকে এই তরিকা আয়ত্ত করার কথা জানিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টিতে নিজের বদলে যাওয়া মানসিকতার প্রমাণ দিতে চান তিনি।

চেন্নাইর হয়ে এবার আইপিএলে ৬ ম্যাচে মাঠে ছিলেন প্রিটোরিয়াস। কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন ধোনির গেম প্লান। ধোনির সঙ্গে কথা বলে জেনেছেন অনেক কিছু।

বিশেষ করে মানসিকভাবে সব সময় প্রতিপক্ষের চেয়ে এক ধাপ উপরে থাকার কৌশলটা তার মনে ধরেছে বেশ,  'বোলার হিসেবে শেষ তিন বলে ১৮ রান ডিফেন্ড করতে গেলে আপনি হারতে পারেন, ব্যাটার জিতে যেতে পারে। এখানে তাজা মাইন্ডসেটের ব্যাপার। সে (ধোনি) কখনই বেশি উত্তেজিত হয় না। সে কখনই নেতিয়েও পড়ে না। তার এই ব্যাপারটা আমি ভালোবাসি। সে সব সময় খুব আশাবাদি। সে বিশ্বাস করে যেকোনো কিছু সম্ভব।'

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রিটোরিয়াসরা এখন দিল্লিতে। ৯ জুন দু'দল সেখানে নামবে প্রথম টি-টোয়েন্টিতে। এই সিরিজের আগে ধোনির কাছ থেকে পাওয়া শিক্ষা কাজে লাগাতে চান প্রিটোরিয়াস,  'তার কাছ থেকে সবচেয়ে বড় যেটা শিখেছি সেটা হচ্ছে শান্ত থাকা। সে কীভাবে চাপ নিতে পারে এবং সেই চাপ বোলারদের ফিরিয়ে দিতে পারে। সে আমাকে বোঝাতে সাহায্য করেছে যে ডেথ ওভারে ব্যাটার নয় বেশি চাপে থাকে বোলাররা।'

ধোনির কাছ থেকে পাওয়া নির্বিকার থাকার কৌশল কতটা ভারতের বিপক্ষে প্রিটোয়ারিস কাজে লাগান, কৌতূহলের বিষয়ই বটে।