নাঈমের সেঞ্চুরির পর মাশরাফির ৩ উইকেট
টানা তিন ম্যাচে নব্বুইর ঘরে আউট হয়ে আক্ষেপে পুড়েছিলেন নাঈম ইসলাম। এবার আক্ষেপ দূর করে পেলেন দারুণ সেঞ্চুরি। তার ব্যাটে তিনশো কাছে পুঁজি পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। বড় লক্ষ্যে মাশরাফি মর্তুজাদের বিপক্ষে ম্যাচ বের করতে পারেনি চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
বৃহস্পতিবার বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে শেষ ওভার পর্যন্ত উত্তেজনা ছিল আবাহনী-রূপগঞ্জ ম্যাচে। আবাহনীকে যাতে ১৪ রানে হারায় অভিজ্ঞদের রূপগঞ্জ। আগে ব্যাট করে নাঈমের ১২৪ রানে ২৯৭ করেছিল রূপগঞ্জ।
তৈহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটির পর আবাহনীকে টেনেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে কেউই কাজটা শেষ করতে না পারায় তারা থামে ২৮৩ রানে। এদিন খরুচে বল করলেও ৩ উইকেট নিয়েছেন মাশরাফি। তার ৯ ওভার থেকে এসেছে ৬৩ রান।
ফিফটি করা দুই ব্যাটার হৃদয় ও মোসাদ্দেককে ফেরান মাশরাফি। পরে আউট করেন জাকের আলি অনিককেও।
২৯৮ রানের বড় লক্ষ্য নেমে আবাহনীকে উড়ন্ত সূচনে এনে দিয়েছিলেন মুনিম শাহরিয়ার। টি-টোয়েন্টি মেজাজে রান উঠালেও ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে ২৬ রান করে তিনি শিকার নাবিল সামাদের।
ভারতীয় টেস্ট দলের হনুমা বিহারি প্রথম ম্যাচে নেমে করেন হতাশ। নাঈম শেখ টিকেছিলেন। থিতু হয়ে ৪৩ বলে ৩৫ রান করে তিনি ফেরেন সঞ্জিত সাহার স্পিনে।
চতুর্থ উইকেটে হৃদয়-মোসাদ্দেক মিলে যোগ করেন ১১৮ রান। তাদের জুটিতে ম্যাচ হেলে যাচ্ছিল আবাহনীর দিকে। এই দুজনকেই ফেরান মাশরাফি। ৮২ বলে ৭৪ করা হৃদয় মাশরাফির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ৭৭ বলে ৬৬ করা মোসাদ্দেক থামেন ক্যাচ উঠিয়ে। তার গুরুত্বপূর্ণ দুই ব্রেক থ্রোতে
ম্যাচে ফেরে রূপগঞ্জ।
এরপর শামীম পাটোয়ারিকে তুলে নেন চিরাগ জানি। জাকেরকেও ফেরান মাশরাফি। সাইফুদ্দিন ২৯ বলে ৪৩ করে শেষ অবধি চেষ্টা চালালেও লাভ হয়নি।
এর আগে টস জিতে রূপগঞ্জকে ব্যাট করতে দিয়ে ২৬ রানে ২ উইকেট তুলে নিয়েছিল আবাহনী। চেরাগ জানিকে নিয়ে ৮৯ রানের জুটিতে পরিস্থিতি সামলান নাঈম। ৪৯ করে চেরাগ ফেরার পর রাকিবুল হাসান নয়ন, সাব্বির রহমানকে নিয়ে রান বাড়ান তিনি। শেষ পর্যন্ত তিন অঙ্ক পেরিয়ে থামেন ১২৪ রানে। সাব্বির ২১ বলে ৩০, তানবীর হায়দার ১২ বলে ২৩ ও মাশরাফি ১৭ বলে ১৭ করলে তিনশো ছুঁইছুঁই পুঁজি পায় রূপগঞ্জ। যা নিয়ে তারা হারালো বর্তমান চ্যাম্পিয়নদের।
প্রাইমকে ভড়কে দিল খেলাঘর
দিনের আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংককে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। প্রাইম ২৪৯ রান ১৪ বল আগে পেরিয় যায় খেলাঘর। ওপেনার পিনাক ঘোষ ৯৫ বলে করেন ৬৮। দারুণ ছন্দে থাকা অমিত হাসানের ব্যাট থেকে আসে ৯৭ বলে ৮৫ রান। ৫৩ বলে ৫৩ করেন সালমান হোসেন।