নাঈমের ৫ উইকেট, ৮৭ রানে গুটিয়ে গেল ঢাকা মেট্রো
জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে চলছে বোলারদের দাপট। ঢাকা বিভাগের বিপক্ষে নাঈম হাসানের ঘূর্ণিতে ভালো সূচনা করে চট্টগ্রাম বিভাগ। একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন এ অফস্পিনার। অপর ম্যাচে ঢাকা মেট্রোকে মাত্র ৮৭ রানে গুটিয়ে দিয়েছে বরিশাল বিভাগ। তবে বৃষ্টির কারণে প্রথম স্তরের দুই ম্যাচের একটিতেও কোনো বল মাঠে গড়াতে পারেনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ম্যাচের প্রথম দিনে ১৩৮ রানে এগিয়ে আছে আছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে এদিন ১৯৪ রানেই অল আউট হয়েছে রাজশাহী। চট্টগ্রামের নাঈম হাসানের ঘূর্ণিতে পড়ে দলটি। ফলে শুরু থেকেই নিয়মিত বিরতিতেই উইকেট হারায় তারা। তবে ষষ্ঠ উইকেটে প্রিতম কুমারের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েছিলেন ফরহাদ রেজা।
এ দুই ব্যাটার ছাড়া তেমন কেউই দায়িত্ব নিতে পারেননি। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৫৪ রানের ইনিংস খেলেন রেজা। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। ৫৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন প্রিতম।
চট্টগ্রামের পক্ষে ৪২ রানের খরচায় ৫টি উইকেট নিয়েছেন নাঈম। এছাড়া শাহিন আলম ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই চট্টগ্রামও। ৫৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে দেন শেষ করেছে তারা। পিনাক ঘোষ ৩০ রান করেন। তাসামুল হক ৬ ও ইরফান শুক্কুর ০ রানে উইকেটে আছেন। রাজশাহীর পক্ষে ২টি উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম।
সিলেটে দ্বিতীয় স্তরের অপর ম্যাচে ঢাকা মেট্রোকে মাত্র ৮৭ রানে গুটিয়ে দিয়েছে বরিশাল বিভাগ। দুই স্পিনার ইসলামুল আহসান ও মিনির হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক জাহিদুজ্জামান ছাড়া আর কোনো ব্যাটারই পারেননি দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি ঢাকা মেট্রোর। ৫৩ বলে ৪০ রান করেন জাহিদ।
বরিশালের পক্ষে ১৯ রানের খরচায় ৪টি উইকেট পান ইসলামুল। ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট পান মনির। এছাড়া ২টি উইকেট পেয়েছেন রুয়েল মিয়া।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৩৬ রান তুলে দিন শেষ করছে বরিশাল। যদিও দলীয় ১৯ রানেই আউট হন দুই ওপেনার আবু সায়েম ও মোহাম্মদ আশরাফুল। তবে তৃতীয় উইকেটে ফজলে মাহমুদ ও সালমান হোসেনের অবিচ্ছিন্ন ১১৭ রানের জুটিতে ভালোভাবে দিন শেষ করে দলটি।
৬৫ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন ফজলে। ১৬৩ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৪৭ বলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান তুলে অপরাজিত আছেন সালমান।