নারী ক্রিকেট নিয়ে শিগগিরই সুখবর দেওয়ার আশা আফগান বোর্ডের

স্পোর্টস ডেস্ক

তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নারীদের ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছে। এতে তাদের টেস্ট স্ট্যাটাস পড়েছে হুমকির মুখে। অস্ট্রেলিয়া তাদের সঙ্গে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচ বাতিল করতে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হওয়ার শঙ্কায়ও রয়েছে তারা। এমন জটিল পরিস্থিতিতে সুখবরের ইঙ্গিত দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নারীদের মাঠে ফেরানো নিয়ে তারা কাজ করছেন বলে জানিয়েছেন বোর্ডের নতুন প্রধান আজিজুল্লাহ ফাজলি।

শুক্রবার অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এসবিএস রেডিও পশতুকে এসিবির চেয়ারম্যান বলেছেন, নারীদের ক্রিকেটে ফেরানোর রূপরেখা দ্রুতই ঘোষণা করবেন তারা, 'কীভাবে আমাদের নারীদের ক্রিকেট খেলার অনুমতি দিব সে বিষয়ে আমরা স্পষ্ট অবস্থান জানাব। কীভাবে আমরা এগিয়ে যাব সে সম্পর্কে খুব শিগগিরই আমরা আপনাদের সুখবর দিব।'

ফাজলি আরও জানিয়েছেন, নারী ক্রিকেট দলের ২৫ সদস্যের সকলেই আফগানিস্তানে অবস্থান করছে। কেউই বিশেষ বিমানে করে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয়নি। তবে তার এসব বক্তব্য তালেবান সরকারের সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান আবদুল্লাহ ওয়াসিকের একদম বিপরীত। গত বুধবার একই সংবাদমাধ্যমের কাছে ওয়াসিক বলেছিলেন যে, নারীদের জন্য খেলাধুলা 'প্রয়োজনীয়' নয়।

ওয়াসিকের ওই মন্তব্যের পরই নড়েচড়ে বসে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নারী ক্রিকেট নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকলে আফগানিস্তানের সঙ্গে টেস্ট না খেলার ঘোষণা দিয়েছে তারা। আগামী নভেম্বরে তাদের বিপক্ষে হোবার্টে প্রথমবারের মতো টেস্ট খেলার কথা ছিল রশিদ খানদের। কিন্তু সেই ঐতিহাসিক টেস্টের ভাগ্য এখন ঝুলছে সুতোয়।

সেখানেই শেষ নয়। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের চাওয়া আরও কঠোর পদক্ষেপ। তার মতে, আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলা উচিত না আফগানদের। তিনি অন্য দেশগুলোকেও আফগানিস্তানের বিপক্ষে খেলা বর্জনের আহ্বান করেছেন।

ক্রিকেট বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে অস্ট্রেলিয়ান বোর্ডের কাছে বিবৃতি পাঠিয়ে ইতোমধ্যে নিজেদের অসহায়ত্ব তুলে ধরেছে আফগানিস্তান। এসিবির প্রধান নির্বাহী হামিদ শেনওয়ারি বলেন, 'আমরা ভয় পাচ্ছি অন্য দেশগুলোও যদি অস্ট্রেলিয়ার পথে হাঁটে, তাহলে আমরা ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারি। আফগানিস্তানের ক্রিকেট হুমকির মুখে পড়তে পারে। দয়া করে আমাদের জন্য দরজা খোলা রাখুন।'