নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

জয়ের পথটা আগের দিনই করে রেখেছিল ইংল্যান্ড। শেষ দিনে দরকার ছিল কেবল ১১৩ রান। হাতে ছিল ৮ উইকেট। তবে নাটকীয় কিছু হয়নি। প্রত্যাশিত জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ল ইংলিশরা। টানা তৃতীয় টেস্টে আড়াইশর বেশি রান তাড়া করে জয়ের অনন্য নজির গড়ে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল দলটি।

সোমবার লিডসের হেডিংলিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে এসে ৭ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য পার হতে ৫৪.২ ওভার ব্যাট করে তারা।

এর আগে লর্ডসে ২৭৭ রান তাড়া করে জয় তুলে নেওয়ার পর ট্রেন্ট ব্রিজে ২৯৯ রানের লক্ষ্য তাড়া করে জিতে নেয় ইংল্যান্ড। সে ম্যাচটি অবশ্য জনি বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিং সঙ্গে বেন স্টোকসের অধিনায়কোচিত ইনিংসে জয় পেয়েছিল দলটি। এদিনও দলের জয়ে অসাধারণ এক ইনিংস খেলেন বেয়ারস্টো।

সকালে অবশ্য বৃষ্টি ভয় পাইয়ে দিয়েছিল স্বাগতিকদের। হাতের মুঠোয় থাকা জয় ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল দলটি। প্রথম সেশন তো পুরোটাই যায় বৃষ্টির পেটে। তবে বৃষ্টি থামলে দ্বিতীয় সেশনে আগ্রাসী ব্যাটিং করে জয় তুলে নিতে খুব বেশি সময় নেয়নি তারা।

আগের দিনের ৬ উইকেটে ১৮৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামা দলটি স্কোরবোর্ডে মাত্র দুই রান যোগ করতেই হারিয়েছিল সেঞ্চুরির পথে থাকা অলি পোপকে হারায়। দারুণ এক রিপারের তাকে বোল্ড করে দিয়েছিলেন টিম সাউদি। তবে কিউইদের সাফল্য এইটুকুই। এরপর রুটের সঙ্গে দলের হাল ধরেন দারুণ ছন্দে থাকা বেয়ারস্টো। এরপর আর কোনো সমস্যা ছাড়াই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এ দুই ব্যাটার। 

উইকেটে নেমেই চার-ছক্কার ফুলঝুরি ছোটাতে থাকেন বেয়ারস্টো। টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে মাত্র ৪৪ বলে করেন হার না মানা ৭১ রান। ৮টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান এ উইকেটরক্ষক-ব্যাটার। রুট অপরাজিত থাকেন ৮৬ রানে। ১২৫ বলে ১১টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ১০৮ বলে ১২টি চারের সাহায্যে ৮২ রানের ইনিংস খেলেন পোপ।