নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই কোহলি

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই বিরাট কোহলি। সদ্যই এ সংস্করণ থেকে ভারতীয় দলের নেতৃত্ব ছাড়া এ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে না-কি বাদ দেওয়া হয়ে তা জানায়নি বিসিসিআই। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচেও খেলছেন না সময়ের অন্যতম সেরা এ ব্যাটার।

নিয়মিত অধিনায়ক কোহলির অনুপস্থিতিতে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিবেন তার সহকারী আজিঙ্কা রাহানে। যদিও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রান খরা যাচ্ছে তার। কানপুরে রাহানের সহকারী হিসেবে থাকবেন চেতেশ্বর পুজারা। মুম্বাই টেস্টে নেতৃত্ব নিয়েই ফিরবেন কোহলি।

কোহলি এক টেস্টে না থাকলেও পুরো সিরিজেই নেই টি-টোয়েন্টি সংস্করণের নতুন অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে থাকছেন না রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিও। জায়গা হয়নি শার্দুল ঠাকুরেরও। এছাড়া সবশেষ ইংল্যান্ড সিরিজের দল থেকে আরও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব, পৃথ্বী শ, হনুমা বিহারি ও অভিমন্যু ইশ্বরন।

প্রথমবারের মতো জায়গায় পেয়েছে পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার শ্রিকার ভারত। এর আগে টেস্ট দলে থাকলেও অভিষেক না হওয়া শ্রেয়াস আইয়ার ও প্রসিধ কৃষ্ণা আছেন দলে। ফিরেছেন শুবমান গিল ও জয়ন্ত যাদব।

কানপুরে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ ডিসেম্বর থেকে।

ভারত টেস্ট দল: আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা, শ্রিকার ভারত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।

দ্বিতীয় টেস্টে যোগ দিবেন বিরাট কোহলি।