নিউজিল্যান্ডে এবার শিথিল কোয়ারেন্টিন, দুটি অনুশীলন ম্যাচ
নিউজিল্যান্ডে সবশেষ সফরে কোয়ারেন্টিনের কড়াকড়ি ছিল বাংলাদেশ দলের জন্য। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের প্রথম সাত দিন রুমের বাইরে বের হওয়ার সুযোগ ছিল না কারও। তবে আসন্ন সফরে কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে টাইগারদের জন্য। সাত থেকে দশ দিনের কোয়ারেন্টিনের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তাছাড়া, গতবার কোনো অনুশীলন ম্যাচ খেলার সুযোগ না থাকলেও এবার নিজেদের ঝালাই করে নিতে বাংলাদেশ পাবে দুটি ম্যাচ।
পাকিস্তানের বিপক্ষে আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট শেষে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে মুমিনুল হকের দল। সফরে তারা স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
গতবারের মতো এবার ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিন করতে হবে না বাংলাদেশ দলকে। আর রুম কোয়ারেন্টিন সাত দিনের পরিবর্তে হবে তিন কিংবা চার দিন। বৃহস্পতিবার গণমাধ্যমকে নিজামউদ্দিন বলেন, 'আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে প্রটোকল ছিল, সেটা থেকে কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চার দিনের রুম কোয়ারেন্টিন করতে হবে।'
'সাত থেকে দশ দিনের একটা বিষয় এসেছে। এর মধ্যে তিন দিন রুম কোয়ারেন্টিন করতে হবে। বাকি সময়টা ওদের যে কোয়ারেন্টিন সেন্টার, সেখানে থাকতে হবে তিন থেকে চার দিন। এরপর সবাই নেগেটিভ হওয়ার শর্তে বাংলাদেশ দল টিম হোটেলে যাবে।'
কোয়ারেন্টিনের ব্যাপ্তি কমে যাওয়ায় টেস্টে নামার আগে দুটি প্রস্তুতি খেলার সুযোগ মিলবে বাংলাদেশের। একটিতে টেস্ট স্কোয়াডের সদস্যরা নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলবে। আরেকটিতে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে নিউজিল্যান্ড একাদশ। প্রধান নির্বাহী জানান, '(কোয়ারেন্টিন শিথিল হওয়ায়) এর ফলে আমাদের কিছু বাড়তি সুযোগ এসেছে। আমাদের দল দুটি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুটি দুই দিনের অনুশীলন ম্যাচ হবে। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড একাদশের সঙ্গে। দুটি অনুশীলন ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।'