নিউজিল্যান্ডে শেষ পরীক্ষায় সবাই নেগেটিভ, ‘মুক্তি পাচ্ছেন’ ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস মহামারির পর অনেকবার কোভিড পরীক্ষা দিতে হয়েছে ক্রিকেটারদের। তবে এত উৎকণ্ঠা আর রোমাঞ্চ নিয়ে বোধহয় আর কখনো ফলের অপেক্ষা করতে হয়নি। প্রতীক্ষার সেই ফল প্রত্যাশিতভাবেই সুমধুর। নিউজিল্যান্ডে সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষায় দলের সবার ফলই নেগেটিভ এসেছে। কাজেই কোয়ারেন্টিন থেকে মুক্তি মিলছে ক্রিকেটারদের।

নিউজিল্যান্ডে দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সোমবার সকালে পাঠানো ভিডিওবার্তায় এই খবর জানিয়েছেন, 'গতকাল এখানে আমাদের করোনার শেষ পরীক্ষা ছিল এখানে। আজ সকালে রিপোর্ট এসেছে যে আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আগামীকাল আমরা এখান থেকে বের হতে পারব। অনুশীলনে যেতে পারব।'

মঙ্গলবার স্থানীয় সময় সকালে প্রথম অনুশীলন সেশন করবে বাংলাদেশ দল। কোয়ারেন্টিন কেন্দ্র ছেড়ে দলের ঠিকানা হবে আবাসিক হোটেল। নিউজিল্যান্ডের নিয়ম অনুযায়ী আর কোন জৈব সুরক্ষা বলয় ছাড়াই মুক্তভাবে চলাচল করতে পারবেন তারা,  'কাল সকাল সোয়া ১০টা থেকে অনুশীলন আছে লিঙ্কন ইউনিভার্সিটি মাঠে। যেখানে আমরা জিমের সুবিধাও পাব। অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। তারপর থেকে আমরা একদম স্বাভাবিক চলাফেরা করতে পারব। প্রথম টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করতে পারব।'

পাকিস্তানের  বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে নিউজিল্যান্ডের বিমান ধরেন মুমিনুল হকরা। লম্বা ভ্রমণ শেষে ১০ ডিসেম্বর সকালে ক্রাইস্টচার্চে পৌঁছেই শুরু হয় কোয়ারেন্টিন। প্রথমে কথা ছিল ৭ দিন কোয়ারেন্টিন করেই মিলবে মুক্তি। কিন্তু বাংলাদেশ দলের ফ্লাইটে অপর এক যাত্রী ওমিক্রন ধরা পড়ায় এবং পরে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হওয়ায় বদলে যায় বাস্তবতা। বেড়ে যায় কোয়ারেন্টিনের মেয়াদ। টানা কোয়ারেন্টিনের ধকলে হাঁপিয়ে উঠেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সফর নিয়েও কিছুটা সংশয় দেখা দেয়। তবে আপাতত সব সংকটই দূর হয়ে গেছে।

১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মাঙ্গানুইতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নামবে দুদল।