নিউজিল্যান্ড সিরিজ থেকে সরে আসার কোনো সুযোগ নেই: নাজমুল
নিউজিল্যান্ড সফরে এবার কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা শুরুতে শিথিল করা হলেও স্বস্তিতে নেই বাংলাদেশ দল। সেখানে গিয়ে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। সতর্কতার অংশ হিসেবে টাইগারদের অনুশীলনের সুবিধাও বন্ধ করে দিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কিছু খেলোয়াড় সফর বাদ দিয়ে দেশে ফেরার চাওয়া জানিয়েছিল। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বোর্ড সভা। এরপর গণমাধ্যমের কাছে নাজমুল জানিয়েছেন, খেলোয়াড়দের কেউ কেউ চাইলেও সফর বাদ দিয়ে নিউজিল্যান্ড থেকে সরে আসার সুযোগ নেই। তবে আগামী ২১ ডিসেম্বর আরেক দফা করোনাভাইরাস পরীক্ষা শেষে কোয়ারেন্টিনের মেয়াদ আরও বাড়ানো হলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় বসবে বিসিবি।
নাজমুল বলেছেন, 'ওদেরকে (ক্রিকেটারদের) কোনো রকম বিরতি দেয়া যাচ্ছে না। কাজেই মানসিক ও শারীরিকভাবে সবাই খুব কাহিল। তাই কিছু খেলোয়াড় চাচ্ছিল যে চলে আসা যায় কিনা। সিরিজিটা বাদ দেয়া যায় কিনা। এটার কোনো সুযোগ নেই। যদি ২১ তারিখের পর আবার বাড়ানো হয় কোয়ারেন্টিন, তাহলে ওদের (নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের) সঙ্গে আলোচনা করা যাবে কী করা যায়। কারণ ওদেরও (নিউজিল্যান্ডের) ব্যস্ত সূচি। অস্ট্রেলিয়া আসবে ওদের ওখানে।'
বোর্ড প্রধান যোগ করেছেন, 'নিউজিল্যান্ডে একটু সমস্যা হচ্ছে। আমাদের এই দলটা যখন উড়ে যায়, তখন অন্য যাত্রীর, আমাদের দলের না, যার কিনা কোভিড ছিল... ওমিক্রন। এটাই ছিল নিউজিল্যান্ডে প্রথম ওমিক্রন। এরপর ওরা সাবধান হয়ে যায়। ওই যাত্রীর কাছে যারা ছিল, তাদের একটা তালিকা করে এবং বাকিদের আরেকটা দলে রাখে। একটা দলের মধ্যে ২২ জন ছিল, যাদের ওরা ব্লু ব্যান্ড দেয় (সংস্পর্শ থেকে দূরে থাকাদের)। আর যারা নাকি কাছাকাছি ছিল, ওরকম ৯ জনকে হলুদ ব্যান্ড দেয়। যাদের ব্লু ব্যান্ড দিয়েছিল, নিয়ম অনুসারে, তাদের তিন দিন আগে কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল। অন্যান্য জায়গায় কোয়ারেন্টিনের চেয়ে নিউজিল্যান্ডের কোয়ারেন্টিন অনেক কঠোর। আমরা হোটেলে আইসোলেশনে থাকলেও জিম ব্যবহার করতে পারি না। প্রায় ঘরের মধ্যে বন্দি। এরপর মাত্র তিন দিন আগে ওরা (নিউজিল্যান্ড কর্তৃপক্ষ) বলে, তোমরা (বাংলাদেশ দল) ফ্রি। তারপর অনুশীলনের জন্য বেরোলেও বৃষ্টির জন্য করতে পারেনি। পরে শোনা গেল, ওদের (ক্রিকেটারদের) সবাইকে হলুদ ব্যান্ডে নিয়ে আসা হয়েছে।'
নিউজিল্যান্ড সফরে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে মুমিনুল হকের দল। আগামী ২০২২ সালের ১ জানুয়ারি সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে মাউন্ট মঙ্গানুইতে। আর ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চ।