‘নিজেদের মধ্যে কোন লড়াই নেই’

ক্রীড়া প্রতিবেদক

'এ' দলকে মনে করা হয় জাতীয় দলের ব্যাকআপ। এসব দলের হার-জিতের বাইরেও থাকে নির্দিষ্ট খেলোয়াড়দের পারফম্যান্সের হিসেব নিকেশ। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকায় মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাঈম শেখদের সামনেও থাকবে পারফর্ম করার  চ্যালেঞ্জ। নজরও থাকবে তাদের উপর বেশি।

মিঠুন ও সাব্বির সীমিত ওভারে খেলেন মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে। সৌম্য-নাঈমরা আবার টপ অর্ডারে। একই পজিশনের খেলোয়াড় হওয়ায় জাতীয় দলের ফেরার লড়াইয়ে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা।

'এ' দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এমন কিছু অবশ্য উড়িয়ে দিলেন মিঠুন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তার সোজা কথা, নিজেরা নিজেদের প্রতিদ্বন্দ্বী নন,  'নিজেদের মধ্যে তো কোন লড়াই নাই। আমরা তো কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই। আমরা নিজেদের ভাল পারফর্ম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এখানে আমরা সবাই মাথায় রাখি যে আমি নিজে কি করছি। অন্য কেউ কি করছে এটা আমরা মাথায় রাখি না।'

এসব আনুষ্ঠানিক কথার বাইরে প্রত্যেকেরই থাকবে আলাদা আলাদা লক্ষ্য, আলাদা আলাদা জেদ, খেদ। এসব কিছু একই মালায় গেঁথে ফেলতে পারলে আবার দল হিসেবেও সুযোগ লাভবান হওয়ার।

'এ' দলের অধিনায়ক মিঠুন অবশ্যই সেই দলীয় লক্ষ্যের দিকেই মন দিতে চান বেশি, 'ওখানে আমাদের লক্ষ্য সিরিজ জেতা। এজন্য অনেক সেক্টরেই চ্যালেঞ্জ আসবে ও তা পার করতে হবে। এখানে একদুইজন দিয়ে হবে। শেষদিকে টেলএন্ডারদেরও জয়ের জন্য রান করতে হবে। ব্যাটিং মানে ব্যাটাররা বোলারদেরও তো কাজ করতে হয়। তো যদি আমরা দল হয়ে সবার কাজ সঠিক সময়ে করতে পারি তাহলে জেতা সম্ভব। এজন্য ছোট ছোট কাজে সফল হতে চাই। ব্যক্তি পারফরম্যান্সের থেকে দল হয়ে কীভাবে পারফর্ম করতে পারি সেখানে ফোকাস রাখছি। এটা ধরে রাখতে পারলে ইতিবাচক কিছু হবে অবশ্যই।'

শুক্রবার সন্ধ্যায় সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ রওয়ানা হবেন মিঠুনরা। সেন্ট লুসিয়ায় ৪ অগাস্ট শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ১০ অগাস্ট থেকে।

ক্যারিবিয়ান 'এ' দলের বিপক্ষে ১৬, ১৮ ও ২০ অগাস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ 'এ' দল।