নিসাঙ্কার সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

লক্ষ্যটা নেহায়েত ছোট ছিল না। ২৯২ রানের। কিন্তু সেই লক্ষ্যকে হাতের নাগালে এনে দেন পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। সমান তালে ব্যাটিং করে দুইজনই এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন মেন্ডিস। তবে ঠিকই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আদায় করে নেন নিসাঙ্কা। শ্রীলঙ্কাকে এনে দেন কাঙ্ক্ষিত জয়। তাতে সিরিজে এগিয়ে গেল দলটি।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

লক্ষ্য তাড়ায় নিরোশান ডিকভেলার সঙ্গে ৪২ রানের ওপেনিং জুটি গড়েন নিসাঙ্কা। এরপর ডিকভেলা আউট হলে মেন্ডিসের সঙ্গে জুটি বাঁধেন তিনি। স্কোরবোর্ডে ১৭০ রান যোগ করেন এ দুই ব্যাটার। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি।

৩৮ ওভার শেষে পেশীতে টান লাগায় মাঠ ছাড়েন মেন্ডিস। অবশ্য কয়েক ওভার ধরেই অস্বস্তিতে ভুগছিলেন। শেষ পর্যন্ত আর চালিয়ে যেতে পারেননি। তার বিদায়ের পর কিছুটা চাপে পরে দলটি। ৩০ রানের ব্যবধানে তিনটি উইকেট হারায় তারা।

দলে কাজের কাজটি নিসাঙ্কার সঙ্গে আগেই করে ফেলেছিলেন মেন্ডিস। লক্ষ্য হাতের কাছে থাকায় দ্রুত উইকেট হারালেও বড় সমস্যা হয়নি। জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস খেলেন নিসাঙ্কা। ১৪৭ বলে ১১টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান এ ওপেনার। ৮৫ বলে ৮৭ রানের ইনিংস খেলেন মেন্ডিস। ৮টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ডিকভেলা ও ধনাঞ্জয়া ডি সিলভা ২৫ রান করে করেন। অস্ট্রেলিয়ার পক্ষে ৩৯ রানের বিনিময়ে ২টি উইকেট পান জয় রিচার্ডসন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানেই ওপেনার ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। খুব বেশিক্ষণ টিকতে পারেননি তিন নম্বরে নামা মিচেল মার্শও। তবে মার্নাস লাবুশেনকে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তৃতীয় উইকেটে গড়েন ৬৯ রানের জুটি।

এরপর অবশ্য দ্রুত এ দুই সেট ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। তবে পঞ্চম উইকেটে উইকেটরক্ষক-ব্যাটার আলেক্স কেয়ারিকে নিয়ে ইনিংস মেরামতের কাজে নামেন ট্রাভিস হেড। স্কোরবোর্ডে ৭৭ রান যোগ করেন এ দুই ব্যাটার।

এরপর কেয়ারি ফিরে গেলে গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরুন গ্রিনকে নিয়ে আরও দুটি জুটি গড়েন হেড। ষষ্ঠ উইকেটে ৪০ ও সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে বড় সংগ্রহই পায় অজিরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হেড। ৬৫ বলে সমান ৩টি করে চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান এ ব্যাটার। ফিঞ্চের ব্যাট থেকে আসে ৬২ রান। ৮৫ বলে ৪টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৫২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪৯ রান করেন কেয়ারি। এছাড়া ম্যাক্সওয়েল ৩৩ ও লাবুশেন ২৯ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে ৪৯ রানের খরচায় ৩টি উইকেট নেন জেফ্রি ভেন্ডারসি।