নেতৃত্ব ছেড়ে দিলেন ধোনি, চেন্নাইর নতুন অধিনায়ক জাদেজা
আইপিএলের একদম প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ভার নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই দুই বছর নিষিদ্ধ থাকায় পুনের নেতৃত্বও ছিল তার কাছে। ১৫তম আসরে এসে প্রথমবার ধোনিকে দেখা যাবে সাধারণ খেলোয়াড় হিসেবে। এবার চেন্নার অধিনায়কত্ব পেয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আইপিএল শুরুর দুদিন আগে নিজেদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে চেন্নাই। তারা জানিয়েছে খেলোয়াড় হিসেবে এই মৌসুম খেলবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দলটির প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ বলেন 'নেতৃত্বের পালাবদল সহজ' করতে নিজে থেকেই আগ্রহী ছিলেন ধোনি। তিনি মনে করেছেন নেতৃত্ব দেওয়ার জন্য জাদেজা এখন প্রস্তুত, 'তিনি অনুভব করেছেন নেতৃত্ব জাদেজার কাছে দেওয়ার এটাই সেরা সময়। তিনি মনে করেন জাড্ডু (জাদেজা) তার ক্যারিয়ারের সেরা সময় পার কাছে। এই অবস্থায় চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ লোক সে।'
গত আসরে চতুর্থবারের মতো আইপিএলের শিরোপা জেতে চেন্নাই। সবগুলোতেই ছিল ধোনির নেতৃত্বের মুন্সিয়ানা। বৃহস্পতিবার দলের সভায় এমন সিদ্ধান্ত নেন ধোনি। ২৬ মার্চ মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের প্রথম দিনেই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে জাদেজা-ধোনির চেন্নাই।
২০১২ সাল থেকে চেন্নাইতে খেলা জাদেজা দলটির তৃতীয় কোন অধিনায়ক। ধোনি ছাড়াও দলটির ভারপ্রাপ্ত নেতৃত্বে ছিলেন সুরেশ রায়না।
গত দুই আসরের মতো এবারও আইপিএলে ধোনির ক্যারিয়ার আর কতদূর যাবে তা নিয়ে আছে প্রশ্ন। গত নভেম্বরে এক অনুষ্ঠানে ধোনি জানিয়েছিলেন খেলোয়াড় হিসেবে আরও এক মৌসুম থাকতে পারেন তিনি।