পরের টেস্টেও হ্যাজেলউডকে পাওয়া নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া
চোটের কারণে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টের পর ছিটকে গেছেন জস হ্যাজেলউড। সেরে না ওঠায় অ্যাডিলেডের পর মেলবোর্নেও দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে। কেবল তা-ই নয়, সিডনিতে হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টেও অস্ট্রেলিয়ার এই পেসারের মাঠে নামা নিয়ে রয়েছে শঙ্কা।
ব্রিসবেন টেস্টে চোটের কারণে শেষদিকে বল করতে পারেননি ডানহাতি ফাস্ট বোলার হ্যাজেলউড। তাকে ছাড়া অবশ্য জিততে অসুবিধা হয়নি অজিদের। ইংলিশদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় তারা। এরপর অ্যাডিলেডে হ্যাজেলউডের জায়গায় খেলেন জাই রিচার্ডসন। গোলাপি বলের দিবারাত্রির ওই টেস্টেও সফরকারীদের নাস্তানাবুদ করে ছাড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৭৫ রানে জিতে তারা সিরিজে এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
রোববার মেলবোর্নে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট। এই ম্যাচেও অস্ট্রেলিয়ার একাদশে নেই হ্যাজেলউড। যদিও আশা করা হয়েছিল, সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন তিনি।
৩০ বছর বয়সী হ্যাজেলউডের পাঁজরে কিছুটা চিড় রয়েছে। ফলে পুরোপুরি ফিট হতে লেগে যেতে পারে বেশ কিছু সময়। মেলবোর্ন টেস্ট শুরুর আগে নিজ দেশের গণমাধ্যম এসইএনের কাছে তিনি জানান চোটের বর্তমান পরিস্থিতি, 'আমি এখনও মাঠ ফেরা থেকে কিছুটা দূরে আছি। এই টেস্টটা আমার সুস্থ হয়ে ওঠার চেয়ে সম্ভবত এক সপ্তাহ আগে শুরু হয়েছে।'
সিডনিতে আগামী ৫ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় টেস্টে খেলার প্রসঙ্গে হ্যাজেলউড বলেন, 'আমরা এখনও নিশ্চিত নই। এই সপ্তাহটিকে আমরা পর্যবেক্ষণের জন্য নিচ্ছি। সপ্তাহের তৃতীয় অথবা পঞ্চম দিনে আমি বোলিং শুরু করতে পারি। সেটা কেমন হয় দেখে পরবর্তী প্রক্রিয়া শুরু করব।'
দুই টেস্ট হাতে রেখে সিরিজ ঘরে তোলার লক্ষ্যে মেলবোর্নে দারুণ শুরু করেছে অস্ট্রেলিয়া। বাঁচা-মরার লড়াইয়ে নামা ইংল্যান্ডকে প্রথম ইনিংসে তারা গুটিয়ে দিয়েছে ১৮৫ রানে। দিনের খেলা শেষ হওয়ার আগে তারা ১ উইকেটে তুলেছে ৬১ রান। হাতে ৯ উইকেট নিয়ে প্যাট কামিন্সের দল পিছিয়ে আছে ১২৪ রানে।