পাকিস্তানকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
উসমান খাওয়াজার ব্যাটে বেশ চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুঁড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। সে লক্ষ্যে আগের দিন শুরুটা ভালোই করে পাকিস্তান। কিন্তু পঞ্চম দিনে এসে ঘূর্ণির মায়াজাল বেছালেন নাথান লায়ন। অসাধারণ বোলিং করেছেন অধিনায়ক প্যাট কামিন্সও। তাতে বড় জয়ই পেয়েছে সফরকারীরা। ১-০ ব্যবধানে জিতে নিল সিরিজও।
শুক্রবার লাহোর টেস্টের শেষ দিনে এসে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেওয়া ৩৫১ রানের লক্ষ্য তাড়ায় ২৩৫ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ২৬৮ রানে অলআউট হয়েছিল দলটি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৯১ রানে অলআউট হওয়ার পর ৩ উইকেটে ২২৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
অথচ আগের দিনই বিনা উইকেটে ৭৩ রান তুলেছিল পাকিস্তান। এদিন স্কোরবোর্ডে আর ৪ রান যোগ করতে আবদুল্লাহ শফিককে হারায় দলটি। শফিককে উইকেটরক্ষকের ক্যাচে পরিণত করেন ক্যামেরন গ্রিন। এরপর মঞ্চে আসেন লায়ন। তার ঘূর্ণিতে এরপর আরেক ওপেনার ইমাম উল হকের সঙ্গে ৩২ রানের জুটি গড়ে আউট হন আজহার আলীও।
অধিনায়ক বাবর আজম নেমে এক প্রান্ত আগলে খেলতে থাকেন। তবে ৩৭ রানের জুটির সাজঘরে ফেরেন ইমামও। এ জুটিও ভাঙেন লায়ন। এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। কামিন্সের তোপে দ্রুত বিদায় নেন ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান।
তবে সাজিদ খানকে সঙ্গে নিয়ে কিছুটা লড়াই চালান বাবর। ৪৬ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু ম্যাচ বাঁচাতে তা যথেষ্ট হয়নি। বাবরকে থামান সেই লায়ন। এরপর আর কেই অজিদের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেননি।
১৯৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ইমাম। ৫টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ১০৪ বলে ৬টি চারের সাহায্যে ৫৫ রান করেন বাবর। অজিদের পক্ষে ৮৩ রানের খরচায় ৫টি উইকেট নেন লায়ন। ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন কামিন্স।