পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে বিপিএলে খেলার অভিজ্ঞতা কাজে লাগাবেন শান্তরা
টি-টোয়েন্টিতে এই সময়ে পাকিস্তান দল আছে উড়ন্ত ছন্দে। অল্পের জন্য এবারের বিশ্বকাপের ফাইনালে যেতে না পারলেও বিশ্ব ক্রিকেটে তাদের শক্তি প্রমাণিত। এমন প্রতিপক্ষের বিপক্ষে বেশ অনভিজ্ঞ দল নিয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত মনে করছেন, বাবর আজমদের বিপক্ষে বিপিএল খেলার অভিজ্ঞতা থেকে আত্মবিশ্বাস মিলবে তাদের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ নিয়মিতই খেলতেন পাকিস্তানের ক্রিকেটাররা। বর্তমান দলেরও বেশ কয়েকজন বিভিন্ন সময়ে খেলে গেছেন বিপিএলে। অধিনায়ক বাবর, শোয়েব মালিক, শাদাব খান, আসিফ আলি, হাসান আলি, মোহাম্মদ নাওয়াজরা খেলেছেন বিপিএলে।
এদের অনেকের সঙ্গে তাই খেলা হয়েছে শান্তদের। প্রতিপক্ষের ক্রিকেটারদের তাই খুব চেনা তাদের। পাকিস্তান সেরা ছন্দে থাকলেও এই অভিজ্ঞতা থেকেই সাহস খুঁজছেন বাংলাদেশের ক্রিকেটাররা, 'বিশ্ব ক্রিকেট চিন্তা করলে পাকিস্তান সেরা দলগুলোর একটি। বিপিএলে ওদের বেশ কয়েকজনের সঙ্গে খেলার সুযোগ হয়েছে। ওই দিক থেকে আমরা একটু আত্মবিশ্বাসী যে ওই বোলারদের মোকাবেলা করেছি, বা ওই ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছি। এই সুযোগ আছে।
বাংলাদেশের বর্তমান স্কোয়াডে টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় আছেন তিনজন। শান্তর আছে মাত্র তিন ম্যাচ খেলার অভিজ্ঞতা। বাস্তবতা বুঝে তাই প্রত্যাশার মাত্রা ঠিক করতে চান তারা, 'বিশ্ব ক্রিকেটে প্রত্যেকটা দলই ভাল। চিন্তা করলে হবে না যে অনেক ভাল কিছু করব, আমরা কেবল বল দেখব, খেলব। অতো বেশি চিন্তার কিছু নেই আমরা যেটা পারি ওই জিনিসটা করব।'
১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় প্রথম টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। পরদিন একই সময়ে দ্বিতীয় ম্যাচ। ২২ নভেম্বর হবে শেষ ম্যাচ।