পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফখর-সরফরাজ-হায়দার
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের মূল স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তান। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ও হায়দার আলীকে দলে ডেকেছে তারা। আর রিজার্ভ দল থেকে মূল দলে ঠাঁই পেয়েছেন ফখর জামান।
বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল জমা দিতে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। এর দুদিন আগে শুক্রবার দলে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ ও মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার দলে ঢোকায় একেবারে বাদ গেছেন আজম খান ও মোহাম্মদ হাসনাইন। অন্যদিকে, বাঁহাতি ওপেনার ফখরকে জায়গা দিতে গিয়ে রিজার্ভ দলে নেমে যেতে হয়েছে খুশদিল শাহকে।
পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম দলে পরিবর্তন আনা প্রসঙ্গে বলেছেন, 'তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ জাতীয় টি-টোয়েন্টি কাপে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যালোচনা ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে আমরা হায়দার আলী, ফখর জামান ও সরফরাজ আহমেদকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।'
মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মাকসুদ আপাতত মূল দলে থাকলেও তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ, চলমান ঘরোয়া টি-টোয়েন্টি কাপে অংশ নিতে গিয়ে চোটে পড়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুসারে পরবর্তীতে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে পিসিবি।
১৫ সদস্যের পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মাকসুদ।
রিজার্ভ:
খুশদিল শাহ, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।