পাকিস্তানের তরুণ ওপেনার শফিকের নতুন রেকর্ড
গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়ায় পাকিস্তানের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আবদুল্লাহ শফিক। ব্যাট হাতে বীরত্ব দেখানোর সুফল আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে পেলেন এই তরুণ ডানহাতি ওপেনার। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টের পর পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জনের কীর্তিও গড়লেন তিনি।
আগের দিন বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে দেখা যায়, টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়েছেন ২২ বছর বয়সী শফিক। বড় লাফ দেওয়ার সুবাদে তিনি উঠে গেছেন ১৬ নম্বরে।
পাশাপাশি শফিক অর্জন করেছেন ৬৭১ রেটিং পয়েন্ট। ফলে ভাঙা পড়েছে সাঈদ আহমেদের ৬১৪ রেটিং পয়েন্টের কীর্তি। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টের পর পাকিস্তানের জার্সিতে সবচেয়ে রেটিং পয়েন্টের রেকর্ড এতদিন নিজের দখলে রেখেছিলেন তিনি। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টের পর শফিকের চেয়ে বেশি রেটিং পয়েন্ট আছে কেবল দুজনের। তারা হলেন ভারতের সুনিল গাভাস্কার (৬৯২) ও অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান (৬৮৭)।
গত সপ্তাহে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ১৬০ রানে অপরাজিত থাকেন শফিক। ধৈর্যের পরিচয় দিয়ে একপ্রান্ত আগলে তিনি অসামান্য নৈপুণ্য দেখানোয় ৪ উইকেটের ঐতিহাসিক জয় পায় পাকিস্তান। এই ভেন্যুতে সর্বোচ্চ রান তাড়া করে সফলতা পাওয়ার নজির গড়ে দলটি।
গলেই অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অবশ্য হাসেনি শফিকের ব্যাট। প্রথম ইনিংসে শূন্য রানে বিদায় নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ১৬ রান। তার ব্যর্থতার ম্যাচে পাকিস্তানও পেরে ওঠেনি শ্রীলঙ্কার সঙ্গে। ৫০৮ রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় বৃহস্পতিবার পঞ্চম দিনে তাদের দ্বিতীয় ইনিংস থামে ২৬১ রানে। ফলে ২৪৬ রানের বিশাল জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা টানে স্বাগতিকরা।