পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির আগে দুঃসংবাদ পেল অজিরা

স্পোর্টস ডেস্ক

সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডকে। তাদের অনুপস্থিতিতে পাকিস্তান সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ নিঃসন্দেহে খর্বশক্তির। সেখানেও পড়ল চোটের হানা। স্কোয়াডে থাকা সবচেয়ে অভিজ্ঞ পেসার কেন রিচার্ডসন ছিটকে গেলেন সফর থেকে।

মঙ্গলবার এক বিবৃতিতে রিচার্ডসনের চোটের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মেলবোর্নে অনুশীলন চলাকালে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। ফলে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের স্কোয়াডের বাকি সদস্যদের সঙ্গে পাকিস্তানের লাহোরের উদ্দেশে উড়ে যাবেন না তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, রিচার্ডসনের চোট তেমন গুরুতর নয়। তবে পাকিস্তানে যাওয়া-আসা মিলিয়ে দীর্ঘ ভ্রমণ ও আট দিনের মধ্যে চার ম্যাচ খেলার ধকলের মধ্য দিয়ে যেতে হবে। এতে শারীরিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য খুব বেশি সময় মিলবে না। তাই সিরিজে অংশ নেওয়া বাদ দিয়ে দেশে থাকাকেই এই ডানহাতি বোলারের জন্য উপযুক্ত মনে করছে সিএ।

রিচার্ডসনের বদলি হিসেবে অজি দলে ডাক পেয়েছেন বেন ডরশিস। নিউ সাউথ ওয়েলস রাজ্যের হয়ে খেলা এই বাঁহাতি পেসার এখনও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় আছেন। এর আগে ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু সেবার মাঠে নামার সুযোগ হয়নি তার।

রিচার্ডসন ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে নেতৃত্ব দিতে হবে জেসন বেহরেনডর্ফ ও শন অ্যাবটকে। তাদের সঙ্গে বিশেষজ্ঞ পেসার হিসেবে থাকবেন নাথান এলিস ও ডরশিস। এছাড়া, স্কোয়াডে আছেন আরও তিন পেস অলরাউন্ডার। তারা হলেন মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন।

তিন তারকা কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউড না থাকলেও সমস্যা হবে না বলে মনে করছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার মতে, দলে থাকা পেসারদের স্কিল নিয়ে কোনো প্রশ্ন নেই। ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরে নিয়মিত পারফর্ম করায় তাদের ওপর আস্থা রাখছেন ফিঞ্চ। তিনি অবশ্য আলাদা করে প্রত্যাশা রাখছেন অ্যাবট ও বেহরেনডর্ফের কাছে।

আগামী ২৯ মার্চ শুরু হবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল। দুই দলের একমাত্র টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ৫ এপ্রিল। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।