পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরলেন মরগ্যানসহ নয় জন

স্পোর্টস ডেস্ক

করোনাভাইরাসের হানায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আইসোলেশনে যেতে হয়েছিল ইংল্যান্ডের মূল দলের সবাইকে। অধিনায়ক ওয়েন মরগ্যানসহ তাদের নয়জন ফিরেছেন টি-টোয়েন্টি সিরিজের দলে। ওয়ানডে সিরিজে আলো ছড়িয়ে জায়গা পেয়েছেন পেসার সাকিব মাহমুদ, লেগ স্পিনার ম্যাট পারকিনসন ও অলরাউন্ডার লুইস গ্রেগরি।

ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিবৃতিতে তারা জানিয়েছে, আইসোলেশন প্রক্রিয়া শেষে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর মরগ্যানদের ফেরানো হয়েছে।

ওয়ানডে সিরিজে বেন স্টোকসের নেতৃত্বে দ্বিতীয় সারির দল নিয়েও পাকিস্তানে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে স্বাগতিক ইংলিশরা। এই তারকা অলরাউন্ডারের পাশাপাশি টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে মার্ক উড, ক্রিস ওকস ও স্যাম কারানকে। তবে চোট কাটিয়ে ফিরেছেন জস বাটলার।

ওয়ানডে সিরিজে ৯ উইকেট নেন মাহমুদ। পারকিনসনের ঝুলিতে গেছে ৫ উইকেট। গ্রেগরি ব্যাট হাতে ৪০ ও ৭৭ রানের ঝকঝকে দুটি ইনিংস খেলার পাশাপাশি বল হাতে শিকার করেন ৪ উইকেট।

আগামী শুক্রবার ট্রেন্টব্রিজে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৮ ও ২০ জুলাই পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে হেডিংলি ও ওল্ড ট্র্যাফোর্ডে।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: ওয়েন মরগ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জেক বল, টম ব্যান্টন, জস বাটলার, টম কারান, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডাউইড মালান, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয় ও ডেভিড উইলি।