পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নেই তামিম!
আঙুলের চোট কাটিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি নেটে ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু অনুশীলন মনমতো হচ্ছিল না। অস্বস্তি বোধ করছিলেন তিনি। কেন এমনটা হচ্ছে তা জানার জন্য স্ক্যান করার পর এসেছে খারাপ খবর। তার আঙুলে ধরা পড়েছে নতুন চিড়। ফলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে এই বাঁহাতি ওপেনারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র দ্য ডেইলি স্টারকে তামিমের আঙুলে ফের চিড় ধরার বিষয়টি নিশ্চিত করেছে। চিড় থাকায় স্বাভাবিকভাবেই টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। তারপরও এখনই তার ছিটকে যাওয়ার পাকা সিদ্ধান্ত দিতে চায় না বিসিবি। থাকতে চায় অপেক্ষায়। আগামীকাল সোমবার ফের তামিমের আঙুলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে তার থাকা-না থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত মাসে নেপালে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে চোট পান তামিম। বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছিলেন তিনি। এরপর দেশে ফিরে স্ক্যান করার পর তার আঙুলে চিড় ধরা পড়ে। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর সম্প্রতি নেটে ব্যাটিং শুরু করেছিলেন তিনি। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই মিলল আরেক দুঃসংবাদ।
শুরুতে নেটে টেনিস বলে ব্যাটিং করছিলেন তিনি। এরপর শুরু হয় পুরোদমে অনুশীলন। কিন্তু পেস বল খেলতে গেলেই অস্বস্তি হচ্ছিল। সেকারণে এদিন নতুন করে স্ক্যান করানো হয়।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিনটি টেস্ট ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামী ১৯ নভেম্বর থেকে। আর টেস্ট সিরিজ শুরু হবে ২৬ তারিখ। এই সিরিজে নেই কোনো ওয়ানডে। তাই তামিম না খেললেও বিকল্প কোনো অধিনায়ক বেছে নিতে হচ্ছে না বাংলাদেশকে।
উল্লেখ্য, শেষের পথে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছিলেন তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা দিয়েছিলেন তিনি। বিশ্বকাপ না খেললেও এই সংস্করণ থেকে অবসর নিচ্ছেন না, সেটাও স্পষ্ট করে উল্লেখ করেছিলেন এই তারকা। তবে জাতীয় দলের জার্সিতে গত ১৯ মাসে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তিনি।