পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয়ের প্রত্যয় নিগারের
প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের নারী দলের জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের নাম পাকিস্তান। অন্য সব দলের থেকে শক্তির বিবেচনায় পাকিস্তানিরাই কাছাকাছি। আগেও তাদের হারানোর অভিজ্ঞতা থাকায় এই ম্যাচটির দিকে আলাদা নজর নিগার সুলতানা জ্যোতির।
হ্যামিল্টনে বাংলাদেশ সময় সোমবার ভোর চারটায় পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে নামবে বাংলাদেশের মেয়েরা।
প্রথম ম্যাচে সম্ভাবনা জাগিয়েও দক্ষিণ আফ্রিকার কাছে হার এবং পরেরটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ শুরুর পরও খেই হারায় বাংলাদেশ। তবে বাংলাদেশ অধিনায়ক মনে করছেন তাদের জন্য আসল ম্যাচটা কালকেই।
রোববার সংবাদ সম্মেলনে পাকিস্তানকে হারানোর প্রত্যয় নিগারের কণ্ঠে, 'আসলে ওদেরকে (পাকিস্তানকে) খুব ভালো চিনি। অনেক খেলেছি ওদের সঙ্গে। খুব ভাল ধারণা আছে। আমি মনে করি বিশ্বকাপে প্রথম জয় পাওয়ার খুব ভালো সুযোগ আছে আমাদের।'
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানে আটকে ফেলে দুই ওপেনার এনেছিলেন ভাল শুরু। এক পর্যায়ের জেতার আশা উঁকি দিচ্ছিল। কিন্তু পরে ব্যাটিং ধসে আর পেরে উঠা হয়নি। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে উড়ন্ত শুরুর পর পথ হারিয়ে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা।
এই দুই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলোর সমন্বয় পাকিস্তানের বিপক্ষে চান নিগার, 'দুই ম্যাচেই মেয়েরা দুর্দান্ত খেলেছে হয়তো ফলটা পক্ষে আসেনি। আমি মনে করি অনেক উন্নতি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলাররা ভাল করছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটাররা ভাল করেছে। এখন দুইটি বিভাগ একসঙ্গে জ্বলে উঠলে দারুণ হবে।'
নিগার জানান, প্রথম দুই ম্যাচের পর ছয় দিনের বিরতি দিয়ে আরেকটি ম্যাচ খেলতে নামায় দলের সবাই আছেন 'সুপার ফিট।' নেলসন আর ডানেডিনের মতো হ্যামিল্টনের কন্ডিশনেও ভালো উইকেটের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের।