পাকিস্তানে পূর্ণ শক্তির দল নিয়েই যাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রায় দুই যুগ পর আবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে পা রাখবে দলটি। এ ঐতিহাসিক সিরিজের জন্য ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ধারণা করা হয়েছিল নিরাপত্তা নিয়ে সংশয়ে হয়তো প্রথম সারির কয়েকজন তারকা খেলোয়াড় নাও যেতে পারেন পাকিস্তান সফরে। কিন্তু শেষ পর্যন্ত পূর্ণ শক্তির দলই পেয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে সেরা দল নিয়ে যাচ্ছে তারা।

চার পেসার, তিন স্পিনার এবং দুই অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। দলে আছেন অ্যাসেজে চতুর্থ টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া উসমান খাজা। ইনজুরিতে থেকে ফিরে দলে আছেন জশ হ্যাজলউডও। অ্যাশেজে চমক দেখানো স্কট বোল্যান্ডও আছেন স্কোয়াডে। এবারও কামিন্সের ডেপুটি থাকছেন স্টিভ স্মিথই।

সবশেষে ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সফরে অধিনায়ক ছিলেন মার্ক টেইলর। সেবার ১-০ তে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।

এবারের সফরে ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। রাওয়ালপিণ্ডিতে ৪ মার্চ থেকে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে এ সফর।

অস্ট্রেলিয়া দল

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সোয়াপ্সন ও ডেভিড ওয়ার্নার।