পাকিস্তান-অস্ট্রেলিয়ার সাদা বলের সিরিজে রাজনৈতিক অস্থিরতার আঁচ

স্পোর্টস ডেস্ক

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল আছে পাকিস্তানে। এরমধ্যে দুই টেস্ট খেলে ফেলেছে তারা। সামনে আছে আরেক টেস্ট। এরপর দুদলের লড়াই হবে সীমিত ওভারের ক্রিকেটে। এখনো পর্যন্ত পাকিস্তানে ভীষণ নিরাপদ অনুভব করছে অজিরা। তাদের সেই অভিজ্ঞতা যাতে তেতো না হয় সেকারণে ওয়ানডেতে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টির ভেন্যু বদল করা হয়েছে।

এমনিতে সীমিত ওভারের সিরিজের খেলা ছিল রাওয়ালপিন্ডিতে। রাজধানী ইসলামাবাদের খুব কাছের শহর এটি। দলগুলো মূলত ইসলামাবাদে থেকেই রাওয়াপিন্ডিতে গিয়ে খেলে। সেই ভেন্যুর বদলে পিসিবি জানায়, ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

কদিন ধরেই পাকিস্তানের রাজধানী শহরে  রাজনৈতিক কারণে চাপা উত্তাপ বিরাজ করছে। ক্ষমতাসীন ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফে বাজছে ভাঙনের সুর। সংসদে ইমরান খানের বিপক্ষে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। ২৮ মার্চ এই নিয়ে হবে ভোট। তাতে ইমরানের নিজের দলের ১০ সংসদ সদস্য ভোট দিতে পারেন বলে হুমকি দিয়েছেন। এরমধ্যে ইমরানের বিরুদ্ধে ২৩ মার্চ সমাবেশের ডাক দিয়েছে বিরোধী দল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট। তাতে করে শহরটির পরিস্থিতি স্বস্তির নয়।

পিসিবি জানায়, সঙ্গত কারণেই পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দুই বোর্ড মিলে সাদা বলের সিরিজ রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে লাহোরে নিয়ে এসেছে।  ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে ২৯ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। ৩১ মার্চ দ্বিতীয় ওয়ানডে, ২ এপ্রিল হবে শেষ ম্যাচ। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টিতে লড়বে দুদল।