পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

পারিবারিক কারণে জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে মুশফিকুর রহিমকে। ফলে আফ্রিকার দেশটির বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিজ্ঞ এই তারকা ব্যাটসম্যানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিনই হারারে থেকে বাংলাদেশের বিমান ধরবেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিম জিম্বাবুয়ে সফরের বাকি অংশে পারিবারিক কারণে থাকতে পারছেন না। তিনি আজ হারারে থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া তিনটি ওয়ানডে ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ। একই ভেন্যুতে ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না তিনি। বিসিবি সবাইকে এই মুহূর্তে মুশফিকুর ও তার পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছে।’

জিম্বাবুয়ে সফরের বেশ আগেই টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন মুশফিক। ওয়ানডে সিরিজ খেলেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের সিরিজে জৈব সুরক্ষা বলয়ের কঠিন নিয়মের কারণে সেই ছুটি বাতিল হওয়ার কথা ছিল। মুশফিকের থাকার কথা ছিল দুই দলের টি-টোয়েন্টি সিরিজেও। কিন্তু পারিবারিক কারণে অনেক আগেই তাকে ফিরতে হচ্ছে।

আগের দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের আগে সবাইকে অন্তত ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আমাদের পরিকল্পনা হলো, ওয়ানডে দলের আরও দুই-একজনকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে রেখে দেব। হঠাৎ কেউ অসুস্থ হতে পারে। কাজেই আমরা কোনো ঝুঁকি নেব না। আপাতত সিদ্ধান্ত হলো, মুশফিক থেকে যাবে, তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ১৫ তারিখে (জুলাই) মুশফিকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে সফর শেষ করে সেদিন দেশে ফিরবে বাংলাদেশ দলও। ফিরেই হোটেলে তাদের ঢুকতে হবে জৈব সুরক্ষা বলয়ে। এই সিরিজ সামনে রেখে বিসিবিকে বেশ কিছু কঠিন শর্ত দিয়েছে অস্ট্রেলিয়া। তার একটি হলো, ক্রিকেটারদের সিরিজ শুরুর আগে অন্তত ১০ দিন সুরক্ষা বলয়ে থাকতে হবে।