পারিশ্রমিক নিয়ে ঝামেলা, পিএসএলে নিষিদ্ধ হচ্ছেন ফকনার

স্পোর্টস ডেস্ক

পারিশ্রমিক নিয়ে ঝামেলার জেরে মাঝপথে পিএসএল ছেড়ে গেছেন জেমস ফকনার। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা এই অলরাউন্ডারের দাবি, বেতন-ভাতা নিয়ে তার সঙ্গে 'ক্রমাগত মিথ্যাচার' করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ফকনারের এই দাবি প্রত্যাখ্যান করেছে পিসিবি। উল্টো তার বিরুদ্ধে 'নিন্দনীয়' আচরণের অভিযোগ করেছে তারা। একইসঙ্গে ফকনারকে পিএসএলের ভবিষ্যৎ নিলামগুলো থেকে নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছে পিসিবি।

পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সবশেষ তিন ম্যাচে খেলেননি ফকনার। ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাওনা অর্থ পরিশোধ নিয়ে পিসিবির সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ভেতরে ভেতরে ক্রমেই মেজাজ হারিয়ে ফেলছিলেন এই অজি। গতকাল শুক্রবার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে পিসিবির এক কর্মকর্তার সঙ্গে আলোচনার পর হোটেলের লবি থেকে ঝাড়বাতির দিকে ব্যাট ছুঁড়ে মারেন ফকনার। এরপর অস্ট্রেলিয়ায় ফেরার উদ্দেশে তিনি ছুটে যান বিমানবন্দরে। এর আগে ক্ষতিপূরণ দিয়ে যান হোটেল কর্তৃপক্ষকে। সেখানেই শেষ নয়। বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ফকনার। তবে পিসিবি ও পিএসএল কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছেন তিনি, 'এখানে থাকার পুরোটা সময় জুড়ে তারা আমার সঙ্গে ক্রমাগত মিথ্যাচার করে গেছে। চলে যেতে খারাপ লাগছে। কারণ, আমি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করতে চেয়েছিলাম। সেখানে অনেক তরুণ প্রতিভা রয়েছে এবং ভক্তরা অবিশ্বাস্য। কিন্তু আমি পিসিবি ও পিএসএলের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি, তা অপমানজনক।'

শনিবার কোয়েটার সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে পিসিবি ফকনারের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে। পাশাপাশি তার আচরণ নিয়ে প্রকাশ করেছে তীব্র হতাশা, 'একটি দায়িত্বশীল সংস্থা হিসেবে পিসিবি ফকনারের সঙ্গে সমঝোতা করার প্রয়াসে শুক্রবার (গতকাল) বিকালে আলোচনায় বসে। কথোপকথনের সময় নিন্দনীয় ও অপমানজনক আচরণ সত্ত্বেও ফকনারকে আশ্বস্ত করা হয়েছিল যে তার সমস্ত অভিযোগের সমাধান করা হবে। কিন্তু দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে না নামার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অস্বীকৃতি জানান তিনি।'

'শনিবার সকালে বিদায় নেওয়ার আগে ফকনার ইচ্ছাকৃতভাবে হোটেলের সম্পত্তির ক্ষতি করেন এবং ফলস্বরূপ হোটেল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হয় তার। পিসিবি পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছে যে ফকনার বিমানবন্দরে অসঙ্গত আচরণ ও গালাগালি করেন। পিসিবি ও পিএসএলের ফ্র্যাঞ্চাইজিরা সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছে যে ফকনারকে ভবিষ্যতে পাকিস্তান সুপার লিগের আয়োজনে নিলামে নেওয়া হবে না।'