পূর্ণ মেয়াদে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক প্রিন্স
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে ব্যাটিং পরামর্শকের দায়িত্বে ছিলেন অ্যাশওয়েল প্রিন্স। সেখানে নিজের কাজ দিয়ে ক্রিকেটারদের আস্থা অর্জন করেন তিনি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যানের ওপর সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তাই তাকে পূর্ণ মেয়াদে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রিন্সের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ।
গত মাসে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছিলেন, প্রিন্সকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাদের। চলতি বছর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তো বটেই, পরবর্তীতেও প্রিন্সকে রাখার আভাস দিয়েছিলেন তিনি। প্রায় তিন সপ্তাহের ব্যবধানে তার সেই বক্তব্যের প্রতিফলন মিলেছে।
জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতা নিয়ে প্রিন্স বলেছেন, 'বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়েতে ভীষণ সফল একটি সফরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা আমি পুরোপুরি উপভোগ করেছি। বাংলাদেশ ও জিম্বাবুয়ে উভয় দলই উঁচু মানের ক্রিকেট খেলেছে।'
৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার যোগ করেছেন, 'সফরের শেষ রাতে পুরো দল মাঝে আগুন জ্বালিয়ে চারপাশে সমবেত হয়েছিল। তখন কেবল জিম্বাবুয়ের বিপক্ষে অত্যন্ত সন্তোষজনক সফরটি নিয়েই আলোচনা হয়নি, সামনে থাকা অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও পরিকল্পনাও হয়েছিল।'
বিসিবির সঙ্গে চুক্তির বিষয়ে তিনি জানিয়েছেন, 'আমি মনে করি না, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ফল বাংলাদেশ দলের কারও জন্য বিস্ময় হয়ে এসেছে। তাই আমাকে যখন পূর্ণ মেয়াদে যোগ দিতে প্রস্তাব দেওয়া হলো, সেটা গ্রহণ করতে একদমই ভাবতে হয়নি।'
দক্ষিণ আফ্রিকার হয়ে ১০ বছরের ক্যারিয়ারে ৬৬ টেস্ট খেলেছেন বাঁহাতি প্রিন্স। ৪১.৬৪ গড়ে ৩৬৬৫ রান আছে তার নামের পাশে। প্রথম অশ্বেতাঙ্গ ক্রিকেটার হিসেবে প্রোটিয়াদের দুটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
প্রিন্সের ওয়ানডে রেকর্ড অবশ্য ঝলমলে নয়। ৫২ ম্যাচ খেলে মোটে করেছেন ১০১৮ রান। তিনি টি-টোয়েন্টি খেলেছেন কেবল একটি। আইসিসি লেভেল 'থ্রি' কোচিং কোর্স সম্পন্ন করে তিনি কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা 'এ' দলের হয়ে।