পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া বিপক্ষে শক্তিশালী টেস্ট দল পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

প্রায় দুই যুগ পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছে পাকিস্তান। তাদের বিপক্ষে খেলতে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে অজিরা। তাদের মোকাবিলা করতে শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তানও।

১৬ জনের মূল স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ও তরুণ পেসার নাসিম শাহর। মূল দলে জায়গা হয়নি অভিজ্ঞ ইয়াসির শাহেরও। এ তিন তারকাকেই রিজার্ভ ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

দলে নতুন মুখ হারিস রউফ। ৮ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেললেও এখনো সাদা পোশাকে মাঠে নামেননি এ পেসার। এর আগে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে থাকলেও অভিষেক হয়নি তার। এক বছর পর শান মাসুদকে ফিরিয়েছে তারা। হৃদরোগে আক্রান্ত হয়ে পুনর্বাসনে থাকা আবিদ আলীর স্থলাভিষিক্ত হচ্ছেন এই ৩২ বছর বয়সী ব্যাটার।

আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। বাকি দুটি ম্যাচ ১২ ও ২১ মার্চ যথাক্রমে করাচি ও লাহোরে।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, ফহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নউমান আলি, সাজিদ খান, সউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।

রিজার্ভ: কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ।