প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে গেল বাংলাদেশের যুবারা

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডেতে শুরুটা ভালো না হলেও শেষ দিকে দারুণ ঘুরে দাঁড়িয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। প্রথম তিন ম্যাচ হেরে শেষ দুই ম্যাচে দারুণ জয় তুলে নেয় দলটি। দারুণ পারফরম্যান্সের ধারা ধরে রেখেছে যুবাদের একমাত্র টেস্টেও। প্রথম ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১৬২ রানের গুটিয়ে দিয়েছে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনে ১৬২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেটে ৪০ রান করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ফলে প্রথম দিন শেষে ১২২ রানে এগিয়ে আছে বাংলাদেশের যুবারা।

এদিন টসটা জিতেছিল বাংলাদেশই। আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। ব্যাটিংয়ের শুরুটাও ভালো হয়। বিনা উইকেটে ৪৬ রান তোলে তারা। কিন্তু এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। চতুর্থ উইকেটে আইচ মোল্লা ও মেহেরব হাসানের ৪২ রানের জুটি ছাড়া বলার মতো আর কোনো জুটি হয়নি। ফলে ১৬২ রানেই গুটিয়ে যায় তারা।

মূলত ডানহাতি পেসার বিলাল সামির তোপে পরে বাংলাদেশের যুবারা। ওপেনিং জুটি ভাঙার পর লেজ ছাঁটাইয়ের কাজটা দারুণভাবে করেন এ পেসার। পেয়েছেন ৫টি উইকেট। দারুণ বোলিং করেছেন লেগস্পিনার ইঝার উল হক নাভিদও। মিডল অর্ডার ধসিয়ে দিয়ে ৪টি শিকার করেন তিনি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক আইচ মোল্লা। ৯৫ বলে ৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৯০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ওপেনার ইফতেখার হোসেন। এছাড়া ২৮ রান আসে মেহেরবের ব্যাট থেকে।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সুলিমান সাফিকে হারায় আফগানরা। এরপর দলীয় ২৩ রানে ইশাক জাজাইকে তুলে নেয় বাংলাদেশের যুবারা। ফলে লড়াইটা জমিয়ে দিয়েছিলেন তারা। কিন্তু এরপর আর কোনো আঘাত হানতে পারেননি। ২ উইকেটে ৪০ রান করে দিন শেষ করে তারা। বিলাল ১১ ও ইজাজ ৮ রানে উইকেটে আছেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৬২ (নাবিল ২০, ইফতেখার ৩৭, খালিদ ৯, আইচ ৩৯, মেহেরব ২৮, তাহজিবুল ৫, মাকসুদুর ৩, আশরাফুল ৪, হাবিব ২, রিপন ২, মুশফিক ০; বিলাল ৫/৪২, ফয়সাল ০/১৫, খারোতে ০/২০, নাভিদ ৪/৪৫, কামরান ১/২৯)

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ২৩ ওভারে ৪০/২ (সুলিমান ৪, বিলাল ১১*, ইশাক ১৭, ইজাজ ৮*; হাবিব ০/১৯, রিপন ০/২, মুশফিক ০/৬, আশরাফুল ১/১৩)