'প্রথম ক্রিকেট কোচ' আকবর খানের মৃত্যুতে তামিমের শোক
সাবেক ক্রিকেটার আকবর খান ৪৫ বছর বয়সে মারা গেছেন। তিনি বিসিবি পরিচালক ও সাবেক তারকা খেলোয়াড় আকরাম খানের ছোট ভাই এবং জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক ওপেনার নাফিস ইকবালের চাচা। আকবরের মাধ্যমে তামিমের আজকের তারকা হয়ে ওঠার ভিত রচিত হয়েছিল।
বৃহস্পতিবার ভোরে নিজ জেলা চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাচার মৃত্যুর খবর জানিয়ে তামিম লিখেছেন, 'অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তার কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তার তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।'
ক্রিকেটীয় ক্যারিয়ারে আকবর ছিলেন একজন আগ্রাসী টপ অর্ডার ব্যাটার। ঢাকা লিগে বাংলাদেশ রেলওয়ের হয়ে খেলেন তিনি। চট্টগ্রামের স্থানীয় পর্যায়ের ক্রিকেটে তিনি ছিলেন সুপরিচিত নাম। মোহামেডান ব্লুজ, শহিদ শাহজাহান সংঘ ও আবাহনীর প্রতিনিধিত্ব করেন তিনি। জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনি চট্টগ্রাম বিভাগের হয়েও খেলেন।