প্রথম ম্যাচে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে সব দিক দিয়ে বেশ নির্ভার বাংলাদেশ দল। নতুন করে আর কোনো চোট সমস্যা না থাকায় সম্ভাব্য সেরা দলটি নিয়েই মাঠে নামার সুযোগ অধিনায়ক মাহমুদউল্লাহর।
চোট ও সুরক্ষা বলয়ের জটিলতার পর বাংলাদেশ স্কোয়াড নেমে আসে ১৭ জনে। দলের সঙ্গে থাকা এই ১৭ জনের সবাই মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলার মতো ফিট আছেন।
জিম্বাবুয়ে থেকে ফিরে তিন দিন কোয়ারেন্টিন করার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুদিন অনুশীলন করে বাংলাদেশ। যাদের চোট নিয়ে কিছুটা শঙ্কা ছিল অনুশীলনে তাদেরও বেশ চনমনে পাওয়া যায়।
আরও পড়ুন- এই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় সুযোগ
ওপেনিং স্লট নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সৌম্য সরকার আর নাঈম শেখই নামবেন। আগের দিন অনুশীলনে এসে এই দুজনের পাশাপাশি নেটে লম্বা সময় ধরে ব্যাট করেন সাকিব আল হাসান। ধরেই নেওয়া যায়, তিন নম্বরে দেখা যেতে পারে তাকে।
অধিনায়ক মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনে জানান, এই সিরিজেও তাকে পাওয়া যেতে পারে উপরের দিকে। সেই আভাসও মেলে অনুশীলনে। টপ অর্ডারের পরই মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানকে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়।
এরপর ব্যাট করেন শামীম পাটোয়ারি। ছয়-সাতের বিবেচনায় তাই সোহান ও শামীমকে রাখছে বাংলাদেশ। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে ব্যাটিং অর্ডার। আট নম্বরে শেখ মেহেদী হাসান নাকি নাসুম আহমেদ, সেটা নিয়ে একটি দ্বিধা আছে। অফ স্পিনার মেহেদী ঘরের মাঠে বেশ কার্যকর, সঙ্গে আছে তার মারকাটারি ব্যাটিং। এদিকে অজিদের স্কোয়াডে বাঁহাতি ব্যাটসম্যান কম থাকায় বাঁহাতি স্পিনার নাসুমও আছেন বিবেচনায়। বাংলাদেশ শেষ পর্যন্ত কাকে বেছে নেয় দেখার বিষয়।
জিম্বাবুয়েতে গোড়ালির চোটে ভুগেছিলেন মোস্তাফিজুর রহমান। সেই চোট থেকে তিনি পুরোপুরি সেরে উঠেছেন। দুদিনই অনুশীলনে ছন্দে পাওয়া গেছে তাকে। ম্যাচের আগের দিন দারুণ ছন্দে বল করেন। তার খেলা নিয়ে আপাতত অনিশ্চয়তা নেই।
স্পিন অলরাউন্ডারদের ছড়াছড়ি থাকায় একাদশে অনায়াসে তিন পেসার রাখতে পারছে বাংলাদেশ। মোস্তাফিজ ছাড়া বাকি দুই পেসারের জায়গা পূরণ করতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। তবে এখানে তাসকিন আহমেদও বিবেচনায় থাকবেন।
বোলিং আর ব্যাটিং দুদিক থেকেই থাকছে ভালো সমন্বয়। সাইফউদ্দিন খেললে নয় নম্বর পর্যন্ত ব্যাটিং পাচ্ছে বাংলাদেশ।
অধিনায়ক মাহমুদউল্লাহ জানান, একাদশ বানাতে তাদের মূলত সুবিধা দিচ্ছে বেশ কয়েকজন অলরাউন্ডার, 'টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের দলটা এই মুহূর্তে খুব ব্যালান্সড। পাঁচ থেকে ছয় জন অলরাউন্ডার আমরা খেলি। আমাদের বোলিং বিভাগও খুব ভালো। মোস্তাফিজ এখন ফিট। শরিফুল খুব ভালো বোলিং করছে। তাসকিন ভালো করছে, রুবেল আছে। সাইফউদ্দিন টি-টোয়েন্টিতে আমাদের সেরা বোলারদের একজন।'
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান/নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।