প্রদীপকে নিয়েছিল দিল্লি, এরপর কোহলি হয়ে গেলেন বেঙ্গালুরুর
২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকে কেবল একটি ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর জার্সিতে তাকে দেখা গেছে আইপিএলের ১৪ আসরের সবকটিতে। শিরোপা জেতাতে না পারলেও তাদেরকে আটটি আসরে নেতৃত্ব দিয়েছেন ভারতের এই তারকা ব্যাটার। গত আসর শেষে বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়লেও আগামী আসরেও তাকে দেখা যাবে দলটির হয়ে খেলতে।
আইপিএলের আসন্ন মেগা নিলামের চূড়ান্ত তালিকায় নাম নেই কোহলির। কারণ, তাকে ধরে রেখেছে বেঙ্গালুরু। ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। তবে জন্ম, বেড়ে ওঠা, ক্রিকেটে হাতেখড়ি, সম্ভাবনাময় ক্রিকেটারের আভাস দেওয়া- সবই দিল্লিতে হলেও আইপিএলে কেন দিল্লির হয়ে কখনও খেলেননি কোহলি? কেন বেঙ্গালুরু ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে দেখা যায়নি তাকে?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 'আইপিএল কীভাবে আমার জীবন বদলে দিল' শীর্ষক পডকাস্টে কোহলি স্মৃতিচারণ করেছেন আইপিএলের প্রথম আসরে দল পাওয়া নিয়ে। দিল্লির হয়ে না খেলার প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি লোকজনের কাছে এরকম আলোচনা শুনেছিলাম যে দিল্লি আমার ব্যাপারে আগ্রহী ছিল। কিন্তু দলের সমন্বয়ের কারণে তারা বেছে নিয়েছিল প্রদীপ সাংওয়ানকে। সে ছিল বাঁহাতি পেসার। সে অসাধারণ বোলার ছিল, সেসময় আমাদের অনূর্ধ্ব-১৯ দলের সেরা বোলার ছিল সে। বোলিংয়ে শক্তি বাড়াতে দিল্লি তার দিকে হাত বাড়িয়েছিল।'
তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমান দিল্লি ক্যাপিটালস) সুযোগ না পেলেও বেঙ্গালুরুতে জায়গা পেয়ে গিয়েছিলেন কোহলি। সেসময় ভারত যুব দলের হয়ে খেলা এই ব্যাটারকে ২০০৮ সালের নিলামে ৩০ হাজার ডলারে (বর্তমানে ২০ লাখ রুপি) কিনেছিল দলটি। কোহলি জানিয়েছেন, তখন এই পরিমাণ অর্থ পাওয়ার বিষয়টি বিশ্বাসই হচ্ছিল না তার, 'আমরা মালয়েশিয়াতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলছিলাম। যেদিন নিলাম হয়েছিল, সেই দিনটা আমার মনে আছে।... এটা ছিল আমাদের জন্য অসাধারণ একটি মুহূর্ত। আমাদেরকে কী পরিমাণ অর্থের বিনিময়ে নেওয়া হয়েছে সেটা যখন ঘোষণা করা হয়েছিল, আমরা তা বিশ্বাসই করতে পারিনি। এটা ছিল পাগলাটে ব্যাপার।'
সেই থেকে বেঙ্গালুরুর ঘরের ছেলে হয়ে গেছেন কোহলি। তিনি আবারও স্পষ্ট করে বলেছেন, আইপিএলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলতে তাকে দেখা যাবে না, 'হ্যাঁ, অবশ্যই। আমি নিজেকে আর অন্য কোথাও খেলতে দেখি না। বৈষয়িক সুখের চেয়ে বিশ্বস্ততাকে আমি বেশি গুরুত্ব দেই। আইপিএলের আমার শেষ দিনটি পর্যন্ত আমি আরসিবিতেই খেলব।'