প্রাণ বাঁচলেও পক্ষাঘাতে অকেজো ক্রিস কেয়ার্নসের পা
খেলোয়াড়ি জীবনে নিজেদের সময়ে অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন ক্রিস কেয়ার্নস। ছিলেন নিউজিল্যান্ডের অন্যতম ভরসা। বাইশ গজে দাপিয়ে বেড়ানো সেই তারকা খেলোয়াড়কে এখন চলতে হবে স্ট্রেচারে ভর করে। পক্ষাঘাতে পা দুটো অকেজো হয়ে যাওয়ায় হাঁটা-চলার ক্ষমতা হারিয়েছেন তিনি।
গত মাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে ক্যানবেরার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেয়ার্নস। পরে সেখান থেকে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালের লাইফ সাপোর্ট ইউনিটে স্থানান্তরিত করা হয়। হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দিয়েছিল তার। সমস্যা মেটাতে তড়িঘড়ি করে কেয়ার্নসের হার্ট সার্জারি করা হয়।
এরপর বেশ কিছুদিন লাইফ সাপোর্টে থাকার পর ক্যানবেরায় নিজের বাড়িতে ফেরেন কেয়ার্নস। তবে বাড়িতে ফিরলেও শারীরিক জটিলতার মুখে পড়তে হলো ৫১ বছর বয়সী এ সাবেক ক্রিকেটারকে। সেই সার্জারিতে প্রাণ বাঁচাতে পারলেও হারাতে হলো হাঁটাচলা করার ক্ষমতা।
শুক্রবার সাবেক এ কিউই তারকার বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন তার আইনজীবী অ্যারন লয়েড, 'প্রাণ বাঁচাতে ক্রিস কেয়ার্নসের হৃদযন্ত্রে দ্রুত সার্জারির প্রয়োজন হয়। সিডনির সেই জীবনদায়ি সে সার্জারির সময় স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হন কেয়ার্নস। এর ফলে তাঁর পা দু'টি পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়ে। আপাতত হুইল চেয়ারেই চলতে হবে।'
তবে নিয়মিত পর্যবেক্ষণ ও পুনর্বাসনে মাধ্যমে কেয়ার্ন্স সুস্থ হতে পারেন বলেও জানিয়েছেন তার আইনজীবী। যে কারণে অস্ট্রেলিয়ায় মেরুদণ্ডের রোগের চিকিত্সা করা হয় এমন এক হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের নজরদারিতে থাকবেন এ সাবেক ক্রিকেটার।