প্রিমিয়ার লিগে শামিম পাটোয়ারির ঝড়ো সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

আগ্রাসী ব্যাটিং করতে পারেন বলেই বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণে জায়গা করে নিয়েছিলেন শামিম পাটোয়ারি। টাইগারদের জার্সিতে অবশ্য ছন্দ হারিয়ে নিজের জাত চেনাতে পারেননি। বাদই পড়ে যান পরে। তবে ফের ছন্দে ফিরতে শুরু করেছেন এ ব্যাটার। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শামিম। মাত্র ৬৬ বলে এ রান করেন তিনি। ৬৩ বলে সেঞ্চুরি স্পর্শ করা এ ব্যাটার নিজের ইনিংসটি সাজান ১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে।

এদিন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত আউট হওয়ার পর ছয় নম্বরে ব্যাটিং করতে নামেন শামিম। শুরুতে অবশ্য ততোটা আগ্রাসী ছিলেন না তিনি। ৪১ বলে তুলে নেন ফিফটি। কিন্তু এরপর যেন আরো গর্জে ওঠেন। পরের পঞ্চাশ আসে মাত্র ২২ বলে। শেষ পর্যন্ত শামিম ৬৬ বলে ১০৮ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।

শামিমের ইনিংসে ভর করে ৫ উইকেটে ৩০৯ রানের বিশাল পুঁজি গড়েছে আবাহনী। অথচ ১৩৮ রানে প্রথম সারির পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর জাকের আলী অনিককে নিয়ে দলের হাল ধরেন শামিম। গড়েন অবিচ্ছিন্ন ১৭১ রানের জুটি। ১২৩ বলে এ জুটি গড়েন এ দুই ব্যাটার।

জাকের শুরুতে দেখে শুনে ব্যাট করলেও রানের গতি সচল রাখেন শামিম। তবে পরে শামিমের সঙ্গে আগ্রাসনে যোগ দেন জাকেরও। শেষ পর্যন্ত ৫৯ বলে ৬৫ রান করেন তিনি। ৫৪ বলে ফিফটি স্পর্শ করা এ ব্যাটার নিজের ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা মারেন।

একই দিনে বিকেএসপির অপর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের তরুণ রাকিবুল হাসানও। ১২৫ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১২১ রান করেন এ ব্যাটার।