প্রিমিয়ার লিগ ঝলক দেখিয়ে এইচপি স্কোয়াডে মুনিম, ইমরান
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আসরে আবাহনী লিমিটেডের হয়ে বিস্ফোরক ব্যাটিং করে আলো ছড়িয়েছিলেন মুনিম শাহরিয়ার। প্রাইম দোলেশ্বরের হয়ে ঝলক দেখান ইমরানুজ্জামান ইমরান। এই দুজনেই প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিসিবির হাই পারফরম্যন্স (এইচপি) স্কোয়াডে।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগের আগে মুনিম শাহরিয়ার ছিলেন একদমই অচেনা নাম। আগের বছর লিস্ট-এ সংস্করণে অভিষেক হলেও আলোয় আসার কারণ ছিল না। স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেক হয় এই লিগেই। তাও ভাগ্যক্রমে। লিটন দাস চোটে না থাকলে হয়ত তার খেলাই হতো না।
লিটনের বদলি নেমে ময়মনসিংহের এই ক্রিকেটার তাক লাগিয়ে দেন নিজের নৈপুণ্যে। ওপেনার হিসেবে ১৪ ম্যাচ খেলে ২ ফিফটিতে ৩৫৫ রান করেছেন। ১৪৩.১৪ স্ট্রাইকরেট বলে দেয় তার ব্যাটের ঝাঁজ।
কিপার ব্যাটসম্যান হিসেবে প্রাইম দোলেশ্বরের ওপেনার ইমরানুজ্জামান ১৭ ম্যাচে ১৩৪.১৭ স্টাইকরেটে করেন ২৬৭ রান।
এই দুজনের সঙ্গে এইচপি দলে থাকা বাকি সব অনুমিত নামই। সাত ব্যাটম্যান, দুজন কিপার ব্যাটসম্যান। দুই লেগ স্পিনারসহ পাঁচ স্পিনার এবং ৮ পেসারকে রাখা হয়েছে দলে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। ৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ১৫ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, 'এ' দলে থাকবেন মূলত জাতীয় দলের লাল বলের ক্রিকেটাররাই। অর্থাৎ টেস্ট অধিনায়ক মুমিনুল হক, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন চৌধুরী, ইয়াসির আলি চৌধুরী রাব্বিদের খেলতে দেখা যাবে 'এ' দলের হয়ে।
১৭ অগাস্ট চট্টগ্রামে যাবে এইচপি স্কোয়াড। 'এ' দলের সঙ্গে সিরিজ খেলার পরও অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত সেখানে ট্রেনিং ক্যাম্প চালাবে তারা।
বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন।
উইকেট কিপার: ইমরানুজ্জমান ইমরান, আকবর আলি।
স্পিনার: মিনহাজুল আবেদিন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন।
পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরি, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।