'ফাহিম ভাই ভুল জায়গায় দাঁড়িয়েছেন, পাইলটের প্রস্তুতি ছিল না'

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ যাদের মানা হয় তাদের মধ্যে অন্যতম নাজমুল আবেদীন ফাহিম। আর খালেদ মাসুদ পাইলট তো দেশের ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে হেরে গেছেন তারা দুইজনই।

স্বাভাবিকভাবেই এ দুই জনের হারে আলোচনা হচ্ছে বেশ। তবে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মনে করেন ভুল জায়গায় দাঁড়িয়েছেন ফাহিম। আর খেলোয়াড় হিসেবে ভালো হলেও ভোটের মাঠে পর্যাপ্ত প্রস্তুতির কারণে হেরেছেন পাইলট।

বুধবার বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েই নির্বাচিত হয়েছেন পাপন। আর পরিচালকদের ভোটে ফের প্রেসিডেন্টও মনোনীত হয়েছেন তিনি। চতুর্থ মেয়াদে বিসিবির দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন। আর সেখানেই নির্বাচন নিয়ে কথা বলেন তিনি।

পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির নিয়ে ক্যাটাগরি -৩ থেকে মোট ৪৩ ভোটের মধ্যে ৩৭ ভোট পেয়ে জিতেছেন সুজন। মাত্র ৩ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ফাহিম। এই নিয়ে টানা তৃতীয় দফায় বিসিবি পরিচালক নির্বাচিত হলেন সাবেক অধিনায়ক সুজন।

অন্যদিকে রাজশাহী বিভাগ থেকে পাইলটের প্রতিদ্বন্দ্বী ছিলেন পাবনার সাইফুল আলম স্বপন চৌধুরী। এ বিভাগের মোট ৯ ভোটের মধ্যে স্বপন চৌধুরী পেয়েছেন ৭ ভোট। পাইলটের ব্যালটে পড়েছে দুটি সিল।

ফাহিম ও পাইলটের হারের প্রসঙ্গ উঠতেই পাপন বলেন, 'এখানে দুটো জিনিস হয়েছে, আপনারা জানেন সবই। তারপরও বলছি যে নির্বাচনটা বিপরীত জিনিস। আমি যত পরিচিতই হই না কেন নির্বাচনে যখন যাচ্ছি কাউন্সিলররা কি করবে সেটা কিন্তু বলা যায় না। আমার ধারণা ওরা হোমওয়ার্ক ছাড়াই নেমেছে। সেটা ওরা করতে পারেনি, কাউন্সিলরদের কাছে যাওয়ারও সময় পাননি। ফাহিম ভাই পারেননি। কখন করবেন ওখানে তো অনেকগুলো ভোট।'

সুজনের জনপ্রিয়তার কারণে ফাহিমের জয় পাওয়া বেশ কঠিনই বলে মনে করেন বিসিবি প্রেসিডেন্ট, 'তার প্রতিদ্বন্দ্বীকে কি হালকা মনে করেন… খালেদ মাহমুদ সুজন। আমার তো মনে হয় সে আমার চেয়েও জনপ্রিয়। বুঝতে হবে। মানে সে (ফাহিম) ভুল জায়গায় দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে দাঁড়ালে ভুল, একটু পরিকল্পিত ভাবে করলে ভালো হতো।'

অথচ নির্বাচনে আসতে হলে মনোনয়পত্রে একজন প্রস্তাবক ও দুইজন সমর্থকের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কমপক্ষে তিনটি ভোট পাওয়ার কথা ছিল পাইলটের। কিন্তু পেয়েছেন দুটি। নির্বাচনের মাঠকে তাই ভিন্ন বলেই জানালেন পাপন, 'নির্বাচন অন্য জিনিস। পাইলটের তো তিনটি ভোট পাওয়ার কথা ছিল। কিন্তু পেয়েছে দুইটা ভোট। সুতরাং বুঝতেই পারছেন।'