ফিরলেন হোল্ডার, ভারতের বিপক্ষে আরেক চ্যালেঞ্জে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

গায়ানার মন্থর ও টার্নিং উইকেটে বাংলাদেশের বিপক্ষে কোন লড়াই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচে একপেশেভাবে হেরে হয়েছে হোয়াইটওয়াশ। এবার ভারতের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজের আগে কিছুটা শক্তি বাড়ছে তাদের, ফিরেছেন জেসন হোল্ডার।

আইপিএল খেলার ক্লান্তিতে বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজেই ছিলেন না হোল্ডার। তার অনুপস্থিতিতে টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বিধ্বস্ত করে ক্যারিবিয়ানরা। তবে ওয়ানডেতে পেরে উঠেনি নিকোলাস পুরানের দল।

ওয়ানডেতে ধুঁকতে থাকা দলটির সামনে এবার আরও শক্ত চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে খেলতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে থাকাদের মধ্যে এই সিরিজে বাদ পড়েছেন পেস অলরাউন্ডার রোমারিও শেফার্ড ও পেসার অ্যান্ডারসন ফিলিপ।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্সের আশা ত্রিনিদাদের উইকেট ভিন্ন হওয়ায় এবার তারা শক্ত লড়াই করবেন, 'গায়ানায় বাংলাদেশের বিপক্ষে আমাদের খুব কঠিন কন্ডিশনে খেলতে হয়েছে। ত্রিনিদাদের ভিন্ন কন্ডিশনে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইব আমরা। ভারতের বিপক্ষে আমরা ভালো খেলতে চাইব।'

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ম্যাচ তিনটি হবে  ২২, ২৪ ও ২৭ জুলাই।

ভারতের বিপক্ষে আরেকটি কারণে আশাবাদী হতে পারে ক্যারিবিয়ানরা। এই সিরিজে ভারত খেলাচ্ছে না তাদের নিয়মিত দল। এই সিরিজে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামির মতো তারকারা, চোটে নেই লোকেশ রাহুলও।। রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন শেখর ধাওয়ান।

ওয়েস্ট ইন্ডিজ দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, রভম্যান পাওয়েল, জেডেন সিলস।