ফিল্ডিং কোচ কুকের সঙ্গে সম্পর্ক শেষ করল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

গত দুই বছর ধরেই বাংলাদেশের ফিল্ডিংয়ের বেহাল দশা। ফিল্ডিংয়ে অবনতির জন্য খেলোয়াড়দের পাশাপাশি সমালোচনায় ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক। তবে সমালোচনা হলেও নিজ পদ এতদিন ধরে রাখতে পেরেছিলেন তিনি।  অবশেষে এই দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে সম্পর্ক শেষ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার বিকেলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই খবর দিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

তিনি জানান, কোচিং স্টাফের বাকিরা ছুটি থেকে ফিরে কাজে যোগ দিলেও কুক ফিরছেন না। তার চুক্তির মেয়াদ আর কিছুদিন বাকি থাকলেও তাকে আগেভাগেই বাদ দেওয়া হয়েছে।  পাকিস্তান সিরিজে তাই স্থানীয় কোন কোচ দিয়ে কাজ চালিয়ে নেওয়া হবে, 'কুককে আমরা পাচ্ছি না। ওর জায়গায় নতুন  স্থানীয় একজনকে নিচ্ছি। কাকে নিচ্ছি এটা ১৬ তারিখ চূড়ান্ত করবো। ওর মেয়াদ শেষ পর্যায়ে আছে। ও এখন আসছে না। ওর চুক্তি নবায়ন করছি না। এজন্য ওকে এই সিরিজে পাচ্ছি না।'

পাকিস্তান সিরিজে স্থানীয় একজনকে দিয়ে কাজ চালালেও পরে এই পদে উঁচু মানের কোচ আনার চিন্তা আছে বোর্ডের,  'আমাদের হাতে কিছু নাম আছে। পাশাপাশি আমরা উঁচু মানের ফিল্ডিং কোচকেও দেখছি এবং আশা করছি মাস খানেকের মধ্যে পেয়ে যাবো।'

২০১৮ সাল থেকে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করে আসছেন কুক। ২০১৯ সালে বিশ্বকাপে দলের ফিল্ডিং খারাপ হলেও তার সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করে বিসিবি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই এই কোচের সঙ্গে সম্পর্ক শেষ হলো বাংলাদেশের।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ১২টি ক্যাচ ছাড়েন বাংলাদেশের ফিল্ডাররা। সুপার টুয়েলভে একটাও ম্যাচ জিততে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল।

১৯ নভেম্বর  ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ। ২০ ও ২২ নভেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের পর ২৬ নভেম্বর প্রথম ও ৪ ডিসেম্বর হবে দ্বিতীয় টেস্ট।