ফের করোনার হানা: প্রধান কোচকে সিডনি টেস্টে পাচ্ছে না ইংল্যান্ড 

স্পোর্টস ডেস্ক

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট চলাকালীনই ইংল্যান্ডের এক সাপোর্ট স্টাফ ও তার পরিবারের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর মিলেছিল। তাতে নির্ধারিত সময়ের থেকে দেরিতে শুরু হয়েছিল দিনের খেলা। এবার তাদের দলের আরও একজনের করোনা আক্রান্তের খবর মিলেছে। তাতে আইসোলেশনে যেতে হয়েছে ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউডকে। 

ইংল্যান্ড ক্রিকেট দল জানায়, আরেক দফা পিসিআর পরীক্ষায় একজন স্টাফের পরিবারের সদস্যের কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তার নাম প্রকাশ করেনি তারা। 

সেই আক্রান্তের সংস্পর্শে থাকার  পর সিলভারউডকে ১০ দিনের নিভৃতবাসে পাঠানো হয়েছে। চতুর্থ টেস্ট খেলতে ইংল্যান্ড দল সিডনিতে গেলেও মেলবোর্নেই থাকতে হচ্ছে সিলভারউডকে। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৫ জানুয়ারি শুরু হবে নতুন বছরের টেস্টে। প্রথম তিন টেস্টের সবগুলোতেই শোচনীয় হারে এরমধ্যে সিরিজ খুইয়ে বসেছে জো রুটের দল। এরমধ্যে করোনার হানায় রীতিমতো বিপর্যস্ত সফরকারীরা। 

ইংল্যান্ডে দলে করোনার এমন হানায় সিরিজ অনিশ্চিত কিনা এই প্রশ্নও উঠেছিল। তবে সেই সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি। অজি গণমাধ্যম এবিসিকে তিনি, 'কোভিড থেকে সুরক্ষায় আমাদের কঠোর পরিকল্পনা নেওয়া আছে। স্বাস্থ্য বিভাগ নিবিড়ভাবে ভেন্যু কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।' 

মাঠে আসা দর্শকদের নিয়েও ভাবিত নন তিনি, 'ওখানে ঝুঁকি কম। সবাই দুইবার করে টিকা নিয়ে নিয়েছে। আশা করি দর্শকরা নিরাপদেই থাকবেন।'