ফ্রান্সের ব্যাটসম্যান নাম লেখালেন বিশ্ব রেকর্ডে!

স্পোর্টস ডেস্ক

ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ক্রিকেটও খেলে কিনা অনেকের মাথায় সেই প্রশ্ন আসতে পারে। ফ্রান্স ক্রিকেট খেলে তো বটেই, আইসিসির নতুন নিয়মের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতিও আছে। সেই সুবিধায় একটি বিশ্ব রেকর্ডেও নাম উঠে গেল তাদের এক ব্যাটারের।

সুইজারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর ২৮০ দিন বয়েসে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে ফেলেছেন ফ্রান্সের ওপেনার গুস্তাভ ম্যাকেওন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন থেকে তিনিই!

ম্যাকেওন ভেঙেছেন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইয়ের রেকর্ড। জাজাই ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ বছর ৩৩৭ দিন বয়েসে টি-টোয়েন্টিতে পেয়েছিলেন সেঞ্চুরি।

মজার কথা হলো সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানদের তালিকায় পরের দুইজন হচ্ছে রোমানিয়া ও রুয়ান্ডার খেলোয়াড়। এরপরের জন্য নেপালের। ছয়ে আছেন চেক প্রজাতন্ত্রের একজন। পাকিস্তানের আহমেদ শেহজাদ আছেন সাতে। ২০১৪ সালে ২২ বছর ১২৭ দিন বয়েসে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। তখন রেকর্ড ছিল সেটিই।

france.jpg
ফ্রান্স ক্রিকেট দল। ছবি- টুইটার

ফ্রান্স-সুইজারল্যান্ডের ম্যাচটি ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান উপ-আঞ্চলিক টুর্নামেন্টের বাছাই। ফিনল্যান্ডের ভানতায় সেই ম্যাচে ৯ ছক্কা ও ৫ চারে ৬১ বলে ১০৯ রান করে বসেন ম্যাকেওন।

ম্যাকেওয়েনের রেকর্ডময় ম্যাচটি অবশ্য জিততে পারেনি ফ্রান্স। ম্যাকেওয়েন সেঞ্চুরি করলেও বাকিদের ব্যর্থতায় তারা ৫ উইকেটে ১৫৭ রানের বেশি করতে পারেনি। রান তাড়ায় শেষ ওভারে গিয়ে ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় সুইসরা। ম্যাচ জিততে শেষ বলে বাউন্ডারি মেরে সুইজারল্যান্ডকে জেতান আলি নায়ার।

১৯৯৮ সালে আইসিসির সহযোগী সদস্যের মর্যাদা লাভ করে ফ্রান্স। সুইজারল্যান্ড সহযোগি সদস্য হয়েছে গেল বছর। সহযোগী সদস্য সবগুলো দেশেরই আছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার স্বীকৃতি।